
বাংলাদেশ জাতীয় সংসদ ও সংসদ সচিবালয়ের কার্যক্রম সম্পর্কে চিফ হুইপ ও হুইপদের অবহিতকরণে এক বিশেষ সভা গতকাল বুধবার জাতীয় সংসদ সচিবালয়ের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম, এমপি (বরগুনা-২) সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন- হুইপ আলহাজ মো. জিকে গউছ, এমপি (হবিগঞ্জ-৩), রকিবুল ইসলাম, এমপি (খুলনা-৩), মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, এমপি (শরীয়তপুর-৩), এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, এমপি (নাটোর-২), মো. আখতারুজ্জামান মিয়া, এমপি (দিনাজপুর-৪) এবং এবিএম আশরাফ উদ্দিন (নিজান), এমপি (লক্ষ্মীপুর-৪)। এছাড়া সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন। সভায় জাতীয় সংসদের অধিবেশন পরিচালনা, প্রশ্নোত্তর পর্ব, বিল উত্থাপন ও পাস, কমিটির কার্যক্রম, সংসদ সদস্যদের জন্য প্রশাসনিক ও কারিগরি সহায়তা, ডিজিটাল সেবা সম্প্রসারণ এবং সংসদ সচিবালয়ের সার্বিক প্রশাসনিক কাঠামো সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করা হয়। সংসদ সচিবালয়ের পক্ষ থেকে জানানো হয়, সংসদ সদস্যদের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে আধুনিক তথ্যপ্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা জোরদার করা হচ্ছে। একই সঙ্গে সংসদীয় কার্যপ্রণালি, গবেষণা সহায়তা, নথিপত্র ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ কার্যক্রম উন্নত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। চিফ হুইপ তার বক্তব্যে সংসদীয় কার্যক্রম সুষ্ঠু ও ফলপ্রসূভাবে পরিচালনায় হুইপদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।