
রাজধানীর ওয়ারী থানার স্বামীবাগ এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শককে গুলি করে আহত করার ঘটনায় অস্ত্র-গুলিসহ চারজনকে গ্রেপ্তার করেছে ওয়ারী থানা পুলিশ। গতকাল বুধবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির ওয়ারী বিভাগের উপ-কমিশনার মল্লিক আহসান উদ্দীন সামি।
গ্রেপ্তারকৃতরা হলেন- সৈয়দ জিসান আহমেদ, সৈয়দ হাসিবুল হাসান ওরফে পিয়াস, ওমর ফারুক সায়েম ও সোলায়মান হোসেন চৌধুরী। এ সময় তাদের হেফাজত থেকে দুইটি পিস্তল, একটি রিভালবার, দুইটি ম্যাগাজিন, ২৩ রাউন্ড তাজা গুলি, পাঁচ রাউন্ড গুলির খোসা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত সোমবার দুপুর ১২টার দিকে ওয়ারী থানার স্বামীবাগস্থ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সায়েদাবাদ রেলগেট সংলগ্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেপ্তার অভিযান পরিচালনাকালে অজ্ঞাতনামা ৩-৪ জন দুষ্কৃতকারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সিদ্দিকুর রহমানকে পায়ে গুলি করে পালিয়ে যায়। এ ঘটনায় ওয়ারী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।
পুলিশ আরও জানায়, এ ঘটনার পর তাৎক্ষণিক ওয়ারী থানা পুলিশ ঘটনাস্থলে দুষ্কৃতকারীদের পলায়নের রাস্তায় অনুসরণ করলে পুলিশের ধাওয়া খেয়ে একটি অস্ত্র ফেলে পলায়ন করে, সে সময় ঘটনায় ব্যবহৃত চার রাউন্ড গুলি ভর্তি একটি রিভলবার ও পাঁচ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার ওয়ারী থানা পুলিশের একটি টিম বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত সৈয়দ জিসান আহমেদ, সৈয়দ হাসিবুল হাসান ওরফে পিয়াস ও ওমর ফারুক সায়েমকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ ঘটনায় ব্যবহৃত একটি পিস্তল ও দুইটি ম্যাগজিনসহ ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।