ঢাকা বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

শিক্ষার্থীদের মধ্যে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ করবে সরকার

শিক্ষার্থীদের মধ্যে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ করবে সরকার

দেশের প্রতিটি উপজেলায় প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ করবে সরকার। গতকাল সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে স্কুলে পাটের তৈরি ব্যাগ বিতরণ কার্যক্রম সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তিন মন্ত্রণালয় যথাক্রমে প্রাথমিক ও গণশিক্ষা, বস্ত্র ও পাট এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এই বৈঠক হয়েছে। বৈঠকে প্রতিটি উপজেলায় দুটি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে পাটের তৈরি ব্যাগ দেয়ার সিদ্ধান্ত হয়েছে। একটি পরীক্ষামূলক প্রকল্প দিয়ে এই কার্যক্রম শুরু করা হবে।’ দেশীয় পাট শিল্পকে রক্ষা এবং পরিবেশকে দূষণমুক্ত করতে এই কর্মসূচি নেয়া হয়েছে।

বৈঠকের পরে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন সাংবাদিকদের বলেন, জুলাই থেকে প্রতিটি উপজেলায় দুটি করে স্কুলে এই কর্মসূচি শুরু হবে। স্কুল নির্বাচন করবে স্থানীয় প্রশাসন। তিনি বলেন, প্রথম মাসে এক লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ব্যাগ ও ড্রেস দেয়া হবে। সরকারের এই কার্যক্রমে প্রথম ধাপে প্রতি উপজেলার দুটি স্কুল পাবে। পর্যায়ক্রমে সব প্রাথমিক স্কুলের শিক্ষার্থীকে এ কার্যক্রমের আওতায় আনা হবে।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ‘মেড ইন বাংলাদেশ’ পণ্য ব্যবহারে উৎসাহিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে মাহদী আমিন বলেন, এর মাধ্যমে দেশীয় শিল্পকে উৎসাহিত করার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সমতা ও ন্যায্যতার বার্তা পৌঁছে দেয়া হবে। ধনী-দরিদ্র বৈষম্য কমাতে এটি ভূমিকা রাখবে।

প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের জাতীয় কার্যনির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাৎ : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ স্কাউটসের জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর বিশেষ সভাকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ স্কাউটসের জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্যরা সাক্ষাৎ করেছেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।

সাক্ষাতে স্কাউটসের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়। প্রধানমন্ত্রী অত্যন্ত মনোযোগ সহকারে স্কাউটসের কর্মপরিকল্পনা শোনেন এবং তরুণ প্রজন্মকে দক্ষ, দেশপ্রেমিক ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিং আন্দোলনের ভূমিকার প্রশংসা করেন।

সাক্ষাতে ডিসেম্বরে অনুষ্ঠিতব্য ঢাকায় আন্তর্জাতিক স্কাউটস সম্মেলন অনুষ্ঠানের বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে বলেও জানান অতিরিক্ত প্রেস সচিব। সাক্ষাতের শুরুতে প্রধানমন্ত্রীকে স্কার্ফ পরিয়ে দেওয়া হয়। বৈঠকে স্কাউটিংয়ের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত