
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে (কেকেবিএইউ) গত বুধবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মো. আনিসুর রহমান। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্র, ন্যায়বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। এই আন্দোলনের মূল দর্শনই ছিল বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা। তাই এ চেতনাকে ধারণ করে বৈষম্যহীন দেশ গড়ার অন্যতম প্রেরণা হিসেবে কাজে লাগাতে হবে। ইপ্সিত পরিবর্তনের পথে শিক্ষার্থীসহ নতুন প্রজন্মকে দেশপ্রেম, নৈতিকতা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে হবে। জুলাই আন্দোলনে শিক্ষার্থীসহ যারা নিহত হয়েছেন তাদের সেই আত্মত্যাগ যেন বিফলে না যায়। তিনি আরও বলেন, এই দিবসটি উদ্যাপন কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং এটি আমাদের গভীরভাবে অনুধাবন করা, ন্যায়ভিত্তিক ও বৈষম্যমুক্ত এক সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের সংকল্পের মহাসন্ধিক্ষণ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ড. আনোয়ারুল হক জোয়ারদার, রেজিস্ট্রার এসএম আতিয়ার রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মো. মিজান্জ্জুামান। বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের প্রধান (ইনচার্জ) ড. মো. মুঈন উদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন আইএসএলএম বিভাগের শিক্ষক আহসান উল্লাহ, শিক্ষার্থীদের মধ্যে ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাকিব। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান (ইনচার্জ) মো. মোস্তাফিজুর রহমান। এছাড়া অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর উপর কেকেবিএইউর সিএসি বিভাগ কর্তৃক তৈরিকৃত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি