
রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য নাগরিকদের সামনে তুলে ধরে ঢাকার প্রতি মমত্ববোধ ও দায়িত্বশীল নাগরিক চেতনা বাড়ানোর লক্ষ্যে ‘ঢাকা হেরিটেজ সাইকেল র্যালি’ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার সকালে ঐতিহাসিক ঢাকা গেট থেকে শুরু হয়ে নগর ভবনে গিয়ে শেষ হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আয়োজনে এই সাইকেল র্যালি। রাজধানীর ৪১৬ বছর পূর্তি ও ‘ঢাকা দিবস’ উপলক্ষে ১ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত আয়োজিত মাসব্যাপী ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে এ আয়োজন করা হয়।
সকাল ৭টায় র্যালির উদ্বোধন করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। এতে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান। সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। র্যালিতে প্রায় ৩০০ নাগরিক অংশ নেন। ঢাকা গেট থেকে শুরু হয়ে টিএসসি, শাহবাগ, বাটা সিগন্যাল, সায়েন্সল্যাব, নীলক্ষেত, আজিমপুর, ঢাকেশ্বরী মন্দির, মাদ্রাসা শিক্ষা বোর্ড, বকশীবাজার, কেন্দ্রীয় শহীদ মিনার, সচিবালয়, জাতীয় বার্ন ইউনিট ও বঙ্গবাজার হয়ে র্যালিটি নগর ভবনে গিয়ে শেষ হয়। অংশগ্রহণকারী সাইক্লিস্টদের প্রত্যেককে ডিএসসিসির পক্ষ থেকে পদক ও সনদ দেওয়া হয়।