ঢাকা শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

প্রবাসীর সাড়ে ২৩ লাখ টাকা ছিনতাই

পরে সাড়ে ১৭ লাখ টাকা উদ্ধার করল পুলিশ
প্রবাসীর সাড়ে ২৩ লাখ টাকা ছিনতাই

চট্টগ্রামের রাউজানে দিনদুপুরে প্রাইভেট কারের গতি রোধ করে এক প্রবাসীর কাছ থেকে ২৩ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার কাছ থেকে ১৭ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘটনার বিষয়ে জানানো হয়। এর আগে গত মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের ইয়াছিন নগরের সেবাখোলা এলাকায় ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। একই দিন সন্ধ্যায় অভিযান চালিয়ে এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করে পুলিশ।

ভুক্তভোগী প্রবাসীর নাম মো. আহম্মদ উল্লাহ। তিনি সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত থেকে ফিরেছেন। ছিনতাইয়ের ঘটনায় গত মঙ্গলবার তিনি থানায় মামলা করেন। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. জয়নাল আবেদীন। মামলায় জয়নাল আবেদীন ছাড়াও মো. শহিদুল ইসলাম, মো. সালাউদ্দিন ও মো. আলমগীর নামের আরও তিনজনকে আসামি করা হয়েছে। ভুক্তভোগীর বরাত দিয়ে পুলিশ জানায়, মো. আহম্মদ উল্লাহ প্রায় তিন মাস আগে সংযুক্ত আরব আমিরাত থেকে ফেরেন। তার কাতারপ্রবাসী চাচাতো ভাই মো. রাসেল ইট কেনার জন্য বিভিন্ন ব্যাংক হিসাবে তার কাছে টাকা পাঠান। মঙ্গলবার তিনি চারটি ব্যাংক হিসাব থেকে ২৫ লাখ ১৭ হাজার টাকা উত্তোলন করেন। এর মধ্যে ২৩ লাখ ৫০ হাজার টাকার ইট কিনতে প্রাইভেট কারে করে হলদিয়া ইউনিয়নের বৃন্দাবন এলাকার একটি ইটভাটার দিকে যাচ্ছিলেন। সঙ্গে তার দুই বন্ধুও ছিল। মো. আহম্মদ উল্লাহকে পরিবহন করা প্রাইভেট কারটি উপজেলার সেবাখোলা এলাকায় পৌঁছালে চার ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে গতি রোধ করেন। এরপর মারধর করে ও ভয়ভীতি দেখিয়ে ব্যাগে থাকা ২৩ লাখ ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত