
দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদের একজন ঢাকা বিভাগের; একজন সিলেটের; আরেকজন খুলনা বিভাগের। সরকারের হিসাবে, হামের উপসর্গ নিয়ে ১৫ মার্চ থেকে দেশে ৮২৯ জনের মৃত্যু হলো। এর বাইরে ৯৯ জনের মৃত্যু হয়েছে, যাদের শরীরে হাম শনাক্ত হয়েছিল।
গতকালশুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় দেশে ৬৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩৬৬ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৩৮ জন। এছাড়া রাজশাহীতে ৯২, চট্টগ্রামে ৬৩, বরিশালে ৪৯, ময়মনসিংহে ৭৪, খুলনায় ৩৩ ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে।
ডেঙ্গু নিয়ে হাসপাতালে আরও ৩৬৬
দেশে ডেঙ্গু নিয়ে আরও ৩৬৬ জনের হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় এইডিশ মশাবাহিত রোগটিতে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। স্বাস্থ্য অধিদপ্তরের গতকাল শুক্রবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার হাসপাতালগুলোতে ভর্তি হন ৬০ জন। ৫৫ জন ভর্তি হন দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার হাসপাতালগুলোতে। ঢাকার দুই সিটি কর্পোরেশনের বাইরে ভর্তি হন ২১ জন। অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ৮ জন, চট্টগ্রামে ৯৭ জন, খুলনায় ৭৫ জন, ময়মনসিংহে ৩৮ জন, রংপুরে ৬ এবং সিলেট বিভাগের হাসপাতালে ভর্তি হন ৬ জন।