
আকস্মিকভাবে হবিগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। কোনো কর্মকর্তা-কর্মচারীকে না জানিয়ে হঠাৎ করেই গতকাল শনিবার বেলা ১২টার দিকে আকস্মিকভাবে হবিগঞ্জ সদর হাসপাতালে পৌঁছে বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন স্বাস্থ্যমন্ত্রী। পরিদর্শনকালে তিনি হাসপাতালের চিকিৎসাসেবা, পরিচ্ছন্নতা, রোগীদের সুযোগ-সুবিধা এবং চিকিৎসক, নার্সসহ কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ও দায়িত্ব পালনের বিষয়টি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও বিভাগ ঘুরে দেখার পাশাপাশি রোগীদের সঙ্গে সেবার মান নিয়ে কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রীকে কাছে পেয়ে রোগীরা হাসপাতালের বিভিন্ন অব্যবস্থা ও সেবার মান নিয়ে নানা অভিযোগ তুলে ধরেন। তাদের অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন মন্ত্রী এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনে আরও সতর্ক ও আন্তরিক হওয়ার নির্দেশও দেন।
এদিকে, হাসপাতালের ডিসপেনসারি পরিদর্শনে গিয়ে ছুটি ছাড়াই ফার্মাসিস্ট রিগান আহমেদকে অনুপস্থিত দেখতে পান মন্ত্রী। পরে তাৎক্ষণিকভাবে তাকে বদলি করার নির্দেশ প্রদান করেন তিনি।