
ইউরোপের অন্যতম বৃহৎ পোশাক ও টেক্সটাইল প্রদর্শনী 'টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং প্যারিস-২০২৬'-এ অংশ নিয়েছে বাংলাদেশের ১২টি পোশাক ও টেক্সটাইল প্রতিষ্ঠান। তিন দিনব্যাপী এ মেলা প্যারিসের লে বুর্জে প্রদর্শনী কেন্দ্রে শুরু হয়েছে। আজ মেলার শেষদিন। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং প্যারিসে বাংলাদেশ দূতাবাসের ব্যবস্থাপনায় মেলায় অংশ নিয়েছেন ১২টি প্রতিষ্ঠানের ২৪ জন প্রতিনিধি।
এ ছাড়া ইপিবি'র ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফের নেতৃত্বে একটি ব্যবসায়ী প্রতিনিধিদলও মেলায় অংশ নিয়েছে। মেলার প্রথম দিন বাংলাদেশের প্যাভিলিয়ন উদ্বোধন করেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইপিবি'র ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ।
এ সময় বাণিজ্য মন্ত্রণালয় ও প্যারিসে বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা, ফ্রান্সের সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধি, বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধি এবং মেলায় অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিশ্বের পোশাক প্রস্তুতকারক, টেক্সটাইল ও কাপড় সরবরাহকারী, প্রযুক্তি উদ্ভাবক, খুচরা বিক্রেতা ও ক্রেতা, বিভিন্ন ব্র্যান্ড, ডিজাইনার ও সংশ্লিষ্ট পেশাজীবীদের সংযুক্ত করার অন্যতম আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং প্যারিস বিশ্বজুড়ে পরিচিত। আন্তর্জাতিক প্রস্তুতকারক ও সরবরাহকারীদের জন্য ইউরোপের বাজারে প্রবেশ এবং নতুন ব্যবসা ও পণ্য সংগ্রহের সুযোগ তৈরিতেও এ প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মেলায় বাংলাদেশের অংশগ্রহণের মাধ্যমে দেশের রপ্তানি বাজার বহুমুখীকরণ ও সম্প্রসারণ, মূল্য সংযোজিত তৈরি পোশাক ও টেক্সটাইল পণ্যের প্রচার এবং আন্তর্জাতিক ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে ফ্রান্সসহ ইউরোপের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করাও এ অংশগ্রহণের অন্যতম লক্ষ্য।