
যশোরের কেশবপুর উপজেলার ঐতিহ্যবাহী সাগরদাঁড়ীতে আনসার ও ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে প্রায় ৫০০ ফুট দীর্ঘ একটি খাল পরিষ্কার করা হয়েছে। খালটি পরিষ্কারের ফলে পানি নিষ্কাশন স্বাভাবিক হয়ে কাদার বিল এলাকার প্রায় ৬০০ থেকে ৬৫০ বিঘা ফসলি জমি জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পেয়েছে। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান সাগরদাঁড়ীর কপোতাক্ষ নদের পার্শ্ববর্তী ২ নম্বর সাগরদাঁড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কাদার বিল এলাকায় চলতি মৌসুমে বিপুল পরিমাণ জমিতে আমন ধানের আবাদ করা হয়েছে। অতিবৃষ্টির কারণে খালের সরু মুখ দিয়ে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছিল। এর সঙ্গে খালে কলমি শাক, কচুরিপানা, শ্যাওলা, ঘাস ও বিভিন্ন ময়লা-আবর্জনা জমে পানি চলাচলের পথ প্রায় বন্ধ হয়ে যাওয়ায় বিস্তীর্ণ ফসলি জমিতে জলাবদ্ধতার আশঙ্কা দেখা দেয়। এ পরিস্থিতিতে ২ নম্বর সাগরদাঁড়ী ইউনিয়নের আনসার প্লাটুন কমান্ডার ও স্থানীয় দলনেতা মো. ইয়াছিন আলীর উদ্যোগে আনসার ও ভিডিপি সদস্যরা স্বেচ্ছাশ্রমে খালে নেমে জলজ আগাছা ও ময়লা-আবর্জনা অপসারণ করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি