
অবৈধ বিদ্যুৎ সংযোগ বন্ধে ঢাকার রায়েরবাজার এলাকায় ব্যাটারি রিকশার বিভিন্ন গ্যারেজে যৌথ অভিযান চালিয়েছে বিদ্যুৎ বিভাগ, র্যাব ও পুলিশ। গত রোববার রাত সাড়ে ৮টা থেকে ১১টা পর্যন্ত চলা এ অভিযানে পাঁচটি গ্যারেজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ কমিশনার (মোহাম্মদপুর) জুয়েল রানা বলেন, রায়ের বাজার এলাকায় সাতটি রিকশার গ্যারেজে অভিযান চালানো হয়। এসব গ্যারেজে রিকশার ব্যাটারি চার্জ দেওয়া হয়ে থাকে। এসব গ্যারেজের মধ্যে পাঁচটিতে অবৈধ বিদ্যুৎ সংযোগ ছিল জানিয়ে তিনি বলেন, অভিযানে থাকা বিদ্যুৎ বিভাগের লোকজন সঙ্গে সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। অভিযানের খবর পেয়ে অন্যরা পালিয়ে গেলে এক গ্যারেজ মালিককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা জুয়েল রানা।