
উচ্চশিক্ষার উন্নয়নে সরকার প্রয়োজনীয় অর্থ দিতে প্রস্তুত। তবে জনগণের করের অর্থে পাবলিক বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হয়। তাই বরাদ্দের প্রতিটি টাকা প্রয়োজনের ভিত্তিতে, যথাযথ পরিকল্পনার মাধ্যমে এবং স্বচ্ছতার সঙ্গে ব্যয় নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। গতকাল বৃহস্পতিবার ইউজিসি অডিটোরিয়ামে 'পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন' শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউজিসি চেয়ারম্যান বলেন, উচ্চশিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা এবং তাদের দেশ-বিদেশের কর্মসংস্থানের উপযোগী করতে ইউজিসি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এসব উদ্যোগ বাস্তবায়নে উল্লেখযোগ্য পরিমাণ অর্থের প্রয়োজন হবে। রাজস্ব ও উন্নয়ন বাজেট মিলিয়ে বর্তমানে বিশ্ববিদ্যালয়গুলোতে যে পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে, ভবিষ্যতে তার চেয়েও বেশি অর্থের প্রয়োজন হতে পারে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর চাহিদা অনুযায়ী অর্থ বরাদ্দের ক্ষেত্রে সংশ্লিষ্ট অর্থের প্রকৃত প্রয়োজনীয়তা এবং তা যথাযথভাবে ব্যয় করার সক্ষমতা বিবেচনায় নিতে হবে।