ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

বন্দরের ব্যবস্থাপনা সমৃদ্ধ করতে দুয়ার খুলেছি : মন্ত্রী রবি

বন্দরের ব্যবস্থাপনা সমৃদ্ধ করতে দুয়ার খুলেছি : মন্ত্রী রবি

চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা 'স্থবির পর্যায়ে' ছিল দাবি করে তা কাটিয়ে উঠতে বিদেশি প্রতিষ্ঠানকে আনার পথ উন্মুক্ত করা হয়েছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম রবি। তিনি বলেছেন, 'চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক যে জাহাজ ব্যবস্থাপনা, কনটেইনার ও কার্গো ব্যবস্থাপনা— এটা একটা স্থবির মানে ছিল; প্রয়োজনের মত ছিল না। সেখানে যদি আপনি যান, পিসিটি, এনসিটি, সিসিটি, লালদিয়া, বে টার্মিনাল-১,২,৩ এগুলোতে কিন্তু বিদেশি বিনিয়োগ, টেকনোলজিক্যালি আরো কীভাবে ডেভেলপ করা যায়।

'কনটেইনারের লোড-আনলোড কীভাবে বাড়ানো যায়, উন্নত বিশ্বে যে সমস্ত বড় বড় পোর্ট আছে— তার সঙ্গে প্রতিযোগিতায় থাকা যায়। এবং বিশ্বে কনটেইনার ও পোর্ট হ্যান্ডলিং করতে যারা জানে-বোঝে, সেসমস্ত প্রতিষ্ঠানগুলোকে এখানে এনে আমরা আরও বেশি সমৃদ্ধ হবার পথ উন্মুক্ত করেছি; প্রতিষ্ঠিত করেছি এবং প্রতিষ্ঠার পর্যায়ে আছে।' ওয়ার্ল্ড মেরিটাইম ডে ও বাংলাদেশ মেরিন একাডেমির ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

শেখ রবিউল আলম রবি বলেন, 'চিটাগাংকেন্দ্রিক অর্থনৈতিক হাব হচ্ছে। মোংলা পোর্টেও অর্থনৈতিক হাব হচ্ছে। বিশেষ ইকোনমিক জোন হচ্ছে। বিদেশি বিনিয়োগ আসছে। একই সময়ে যদি আমাদের সেবা ও দক্ষতার মান বাড়াতে না পারি, তাহলে সেটা আবার মুখ থুবড়ে পড়বে।

'সেই জায়গায় একটা সমন্বিত প্রচেষ্টা এই সরকারের আছে। লালদিয়াতে আপনারা জানেন, ডেনমার্কের এপি মোলারের সঙ্গে আমরা চুক্তিবদ্ধ হয়েছি। বে টার্মিনাল-১ এ সিঙ্গাপুরের পিএসএ-এর সঙ্গে আমরা এমওইউ করেছি। তিন-চার মাসের মধ্যে আমরা একটা কনক্লুশনে চলে আসতে পারব।' মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, 'আমাদের চেষ্টা আছে, আমরা এই সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে চাই।'

মেরিটাইম খাতের বিষয়ে মন্ত্রী রবি বলেন, 'সম্ভাবনা থাকার পরেও এই সেক্টরটি শতভাগ বিকশিত হয়েছে বলে মনে করছি না। যথেষ্ট সম্ভাবনা আমাদের ছিল, আমরা সেটাকে কাজে লাগাতে পারিনি। পারিনি বলে পারব না, সেভাবে আর ভাবছি না। পারতে চাইছি।

'কিছু কিছু অসঙ্গতি সম্পর্কে জেনেছি; সেগুলো দূর করার জন্য মন্ত্রণালয় থেকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে। এই সেক্টরের স্টেকহোল্ডারদের এরইমধ্যে বলেছি, প্রতিবন্ধকতাগুলো সরকারকে জানান। সরকার তাৎক্ষণিকভাবে সমাধান দেবে।'

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া, নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মো. শফিউল বারী, বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ড্যান্ট কাজী এবিএম শামীম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত