অনলাইন সংস্করণ
২১:১৮, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন ‘মেরুদণ্ডহীন’। এ কারণে স্থানীয় সরকার নির্বাচন পেছানো হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব দ্রব্যমূল্য ও পরিবহন খাতে পড়েছে। জ্বালানি বিষয়ে জামায়াতের বিশেষজ্ঞ দলের দেওয়া পরামর্শ সরকার গ্রহণ করেনি। একইভাবে বিদ্যুৎ খাত নিয়েও জামায়াতের দেওয়া পরিকল্পনাও সরকার গ্রহণ করেনি।
জামায়াত বিভিন্ন কর্মসূচি পালন করলেও আগুন দেওয়া বা ভাঙচুরের মতো কর্মকাণ্ডে তারা জড়িত নয় বলে দাবি করেন জামায়াত আমির। তিনি বলেন, সরকারকেও দায়িত্বশীল আচরণ করতে হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, একটি স্বাধীন-সার্বভৌম দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি এভাবে চলতে পারে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছে না।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে সম্মান ও নিরাপত্তার সঙ্গে ফিরিয়ে দেওয়াই এ সংকটের চূড়ান্ত সমাধান। তবে বর্তমান পরিস্থিতিতে একা বাংলাদেশের পক্ষে এ সমস্যার সমাধান করা সম্ভব নয়। এ জন্য চীন, ভারতসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগ প্রয়োজন। এটি শুধু বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের দ্বিপক্ষীয় বিষয় নয়, এটি একটি আন্তর্জাতিক সমস্যা। বাংলাদেশ দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিয়ে আসছে।
শফিকুর রহমান বলেন, রোহিঙ্গাদের জন্য সাময়িক অর্থসহায়তা দিয়ে এ সমস্যার সমাধান হবে না। তাদের নিজ দেশে ফেরার পরিবেশ তৈরি করতে হবে। এ জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ভূমিকা নিতে হবে।
তিনি বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি এখনো স্থিতিশীল নয়। সেখানে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে এবং বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী বিভিন্ন এলাকা নিয়ন্ত্রণ করছে। ফলে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে কার সঙ্গে আলোচনা ও সমঝোতা হবে, সেটিও একটি জটিল বিষয়।
তিনি জানান, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও সামর্থ্য অনুযায়ী এ সহায়তা চালিয়ে যাওয়ার চেষ্টা থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন- সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, আগামী সিসিক নির্বাচনে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী নূরুল ইসলাম বাবুল ও সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস উন নুর।