
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহিরাঙ্গন বা ল্যান্ডসাইড এলাকায় দায়িত্ব পালনরত এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কর্মকর্তা ও সদস্যদের দায়িত্ব ও কার্যপদ্ধতির লিখিত বিবরণ (এসওপি) চেয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। আগামী ২৬ অক্টোবর থেকে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) নিরাপত্তা অডিট সামনে রেখে এ তথ্য চাওয়া হয়েছে। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদের সই করা চিঠিতে ১৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) বা কার্যপদ্ধতি চূড়ান্ত করে জমা দিতে বলা হয়েছে।
বিমানবন্দর সূত্র জানায়, গত ২০ সেপ্টেম্বর চিঠিটি দেওয়া হলেও ২৪ সেপ্টেম্বর পর্যন্ত এপিবিএন কর্তৃপক্ষ বিবরণ জমা দেয়নি। নির্ধারিত সময়ের মধ্যে তা পাওয়া গেলে বিমানবন্দর কর্তৃপক্ষ সেটি বেসামরিক বিমান চলাচল সদরদপ্তরে পাঠাবে। সেখান থেকে অনুমোদনের পর তা আবার বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে আসবে।
বিমানবন্দর সূত্র আরও জানায়, এর আগে এ ধরনের বিবরণ চাওয়া হলেও এপিবিএনের পক্ষ থেকে তা দেওয়া হয়নি। মোতায়েনের শুরুর দিকে একবার এই ধরনের বিবরণ দেওয়া হয়েছিল। এরপর দীর্ঘদিন ধরে চাওয়া হলেও তা সরবরাহ করা হয়নি। শাহজালাল বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটি (এভসেক) পরিচালক উইং কমান্ডার আশফাক ওয়ালী বলেন, 'আমাদের বিমানবন্দরের নির্বাহী পরিচালক এপিবিএনের কাছে তাদের দায়িত্ব পালনের বিষয়ের লিখিত বিবরণ চেয়েছেন। তারা এখনও এই বিবরণ দেয়নি। যেহেতু ৩০ সেপ্টেম্বর ডেটলাইন রয়েছে, আমরা আশা করছি তারা দেবে।' তিনি বলেন, 'সামনে আইকাওয়ের অডিট। বিষয়টি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। বিমানবন্দরের রেটিংয়ে এটি যথেষ্ট ভূমিকা পালন করে। এই বিমানবন্দরে কারা কীভাবে দায়িত্ব পালন করে, অডিটে সেটিও থাকবে। এপিবিএন বিমানবন্দরের বহিরাঙ্গনে কী এবং কীভাবে দায়িত্ব পালন করে, তার লিখিত বিবরণ আমাদের কাছে থাকা প্রয়োজন।' এভসেক পরিচালক বলেন, নিরাপত্তার বিষয়গুলো এক থেকে দুই বছর পরপর হালনাগাদ করা হয়। নতুন নতুন হুমকি ও প্রক্রিয়ার কারণে প্রয়োজন অনুযায়ী পরামর্শ দেওয়া হয়।