
ঢাকা মহানগর অঞ্চলে এলিভেটেড মনোরেল চালুর সম্ভাব্যতা যাচাইয়ে প্রাক-সম্ভাব্যতা সমীক্ষার চুক্তি করেছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ব্যুরো অব রিসার্চ, টেস্টিং অ্যান্ড কনসালটেশন (বিআরটিসি)। বিদ্যমান মেট্রোরেল ও বাস র্যাপিড ট্রানজিটের (বিআরটি) পরিপূরক ও ফিডার সার্ভিস হিসেবে মনোরেল চালুর সম্ভাবনা যাচাই করা হবে এ সমীক্ষায়। গতকাল মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে ডিটিসিএ ভবনে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডিটিসিএর পক্ষে অতিরিক্ত নির্বাহী পরিচালক ড. মো. মশিউর রহমান এবং বিআরটিসি-বুয়েটের পক্ষে ব্যুরো অব রিসার্চ, টেস্টিং অ্যান্ড কনসালটেশনের পরিচালক অধ্যাপক ড. সৈয়দ ইশতিয়াক আহমেদ চুক্তিতে স্বাক্ষর করেন।