
বাংলা সাহিত্যের দুটি স্বতন্ত্র ও পাঠকনন্দিত বই নিয়ে সম্প্রতি সাহিত্য আলোচনার আয়োজন করেছেন ব্র্যাক ব্যাংক চুয়াডাঙ্গা ও ঢাকার রিডিং ক্যাফের সদস্যরা। পাঠচক্রের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল সুনীল গঙ্গোপাধ্যায়ের ক্ল্যাসিক উপন্যাস 'সোনালী দুঃখ' এবং মঈনুল আহসান সাবেরের সংকলন 'সেরা দশ গল্প'। দেশের ব্যাংকিং খাতে সম্পূর্ণ ব্যতিক্রমী এক উদ্যোগ হিসেবে ঢাকায় হেড অফিস আনিক টাওয়ার ও সেপাল টাওয়ার এবং চুয়াডাঙ্গায় রিডিং ক্যাফে পরিচালনা করছে ব্র্যাক ব্যাংক। সহকর্মীদের মধ্যে বইপড়া ও মননশীল চর্চার সংস্কৃতি গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। এই পাঠচক্রগুলো কেবল নন্দিত সাহিত্যকর্ম পাঠেই সীমাবদ্ধ নয়, বরং এটি সমাজ, ইতিহাস, মানবসম্পর্ক ও সমকালীন বাস্তবতা নিয়ে মুক্ত আলোচনার এক চমৎকার প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে। রিডিং ক্যাফের এবারের আয়োজনে সুনীল গঙ্গোপাধ্যায়ের 'সোনালী দুঃখ' উপন্যাসটি নিয়ে মুখর ছিলেন পাঠকরা। ত্রিস্তান ও রাজকন্যা সোনালীর কিংবদন্তিতুল্য প্রেমকাহিনীর এই মর্মস্পর্শী গল্পে উঠে এসেছে রাজকীয় দায়িত্ব, সংঘাত ও রাজদরবারের ষড়যন্ত্রের টানাপোড়েন। কেন্দ্রীয় চরিত্র দুটির ব্যক্তিগত আকাঙ্ক্ষা ও কর্তব্যের চিরন্তন দ্বন্দ্বই এই উপন্যাসের মূল সুর। প্রেম যে কেবল নিছক রোমান্স নয়; বরং পরিস্থিতি ও নিয়তির বিরুদ্ধে মানুষের টিকে থাকার এক গভীর সংগ্রাম— রিডিং ক্যাফের সদস্যদের আলোচনায় সেটিই উঠে এসেছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি