
একই পরিবারের একাধিক ব্যক্তি সারের ডিলারশিপ নিতে পারবে না, সরকারের এই নীতিমালার ওপর স্থিতাবস্থা দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। এর ফলে নীতিমালা অনুযায়ী একই পরিবারের একাধিক ব্যক্তির সারের ডিলারশিপ নেওয়ার কোনো সুযোগ থাকলো না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। গতকাল বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহবুবা জুঁই। রিটকারীদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট ইকরামুল হক টুটুল। এর আগে, একই পরিবারের একাধিক ব্যক্তি সারের ডিলারশিপ নিতে পারবে না, সরকারের এই নীতিমালা চ্যালেঞ্জ করে রিট করেন ৫ ব্যক্তি। রিটের শুনানি নিয়ে হাইকোর্টের একটি বেঞ্চ নীতিমালার কার্যকারিতার ওপর স্থিতাবস্থা দেন। পরে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। পরে অ্যাটর্নি জেনারেল বলেন, বাংলাদেশে সার ডিলার এবং সার বিতরণ সংক্রান্ত ২০০৯ সালে একটা নীতিমালা ছিল। ২০০৯ সালে যে নীতিমালা ছিল, সেই নীতিমালায় কোনো বাধ্যবাধকতা ছিল না যে, একই পরিবারের একাধিক সদস্য থাকতে পারবেন কি পারবেন না। অর্থাৎ একই পরিবারের স্বামী, স্ত্রী, ছেলের নামে, মেয়ের নামে, পুত্রবধূর নামে— এভাবে তাদের নামে বিভিন্ন সময়ে একটা কোটারি সৃষ্টি করা হতো এবং একটা পারিবারিক মনোপলি একটা সৃষ্টি করা হতো।
সেটা সংশোধনের জন্য ২০২৫ সালে যখন নীতিমালা আসে, সেই নীতিমালাও সংশোধন করে পরিবারের একই পরিবারভুক্ত সদস্যরা যেন একাধিক ডিলারশিপ না নিতে পারে কিংবা তারা যেন রাষ্ট্রকে, সরকারকে ও কৃষককে জিম্মি করতে না পারে— সেজন্য একটি সংশোধন করা হয়। এই সংশোধনটা বর্তমান সরকার আসার পরে চলতি বছরের আগস্টে হয়েছে।
তিনি বলেন, এমন অবস্থায়, পারিবারিকভাবে যারা দীর্ঘদিন পর্যন্ত এই ব্যবসাটাকে জিম্মি করেছিলেন, এমন পাঁচজন পরিবারের সদস্য গতকাল অর্থাৎ ৬ অক্টোবরে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে সরকারের প্রণীত নীতিমালার এই অংশটুকু চ্যালেঞ্জ করে হাইকোর্টে দুইটি রিট পিটিশন দায়ের করেন। এই দুইটি রিট পিটিশনের মধ্যে অন্তর্বর্তীকালীন আদেশ অনুযায়ী তাদেরকে যেন কোনোভাবেই তাদের বিদ্যমান ডিলারশিপ বাদ করে দেওয়া না হয় এবং তারা যেন পূর্বের মতোই পারিবারিক বন্ধন অটুট রেখে এভাবে সার ডিলারশিপের পুরোনো ব্যবসাটা চালিয়ে যেতে পারেন— সেটার জন্য তারা রিট পিটিশন ফাইল করেছেন। রিট পিটিশনে তারা একটা অন্তর্বর্তীকালীন আদেশ পেয়েছিলেন যে, তাদেরকে কেউ সরাতে পারবে না। অর্থাৎ যদিও ২০২৬ সালের নীতিমালা অনুযায়ী এখন সার ডিলার নিয়োগের প্রক্রিয়া চলছে, এরপরও তাদেরকে যেন সরানো না হয়— তারা এমন স্থিতাবস্থার একটা আদেশ পেয়েছিলেন।