
সোনারগাঁয়ের ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণে জনসচেতনতা তৈরির উদ্দেশ্যে দিনব্যাপী রোড শো সম্পন্ন হয়েছে। শনিবার সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নির্ধারিত সব প্রত্নস্থল পরিদর্শন, লিফলেট বিতরণ এবং স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময় করা হয়। পানাম নগরীতে রোড শোর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক, লেখক ও গবেষক ড. আকমল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন রবীন্দ্রসংগীতশিল্পী পারভীন সুলতানা।
রোড শোতে অংশ নেন কমিটির আহ্বায়ক কবি ও প্রাবন্ধিক শাহেদ কায়েস, যুগ্ম আহ্বায়ক কবি ও সংগঠক রহমান মুজিব এবং লেখক ও সাংবাদিক মিজানুর রহমান, সদস্য সচিব লেখক ও সাংবাদিক রবিউল হুসাইন। সদস্যদের মধ্যে অংশ নেন ব্যাংকার ও সংগঠক মতিউর রহমান; লেখক ও সাংবাদিক ফজলে রাব্বী সোহেল; সাংবাদিক ও নাট্য-অভিনেতা মোকাররম মামুন; সাংবাদিক ও সংগঠক গাজী মোবারক; লেখক ও শিক্ষক আসমা আখতারী; লেখক ও সাংবাদিক রোকেয়া আক্তার; লেখক ও সংগঠক শংকর প্রকাশ; লেখক মোফাখখার সাগর; লেখক সেলিম আহমেদ প্রধান; লেখক শাহাদাৎ হোসেন চৌধুরী, সাংবাদিক মো. বিল্লাল প্রধান, বিরত আলী।
'সোনারগাঁয়ের ঐতিহ্য রক্ষা করি, প্রত্নসম্পদ সংরক্ষণে ঐক্য গড়ি' স্লোগানে পানাম নগরী থেকে যাত্রা শুরু করেন কমিটির সদস্যরা। ঐতিহাসিক গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ধরে বিভিন্ন ঐতিহ্যবাহী স্থান ও প্রত্নস্থল পরিদর্শন শেষে পানাম নগরীতে কর্মসূচি শেষ হয়।