
সার ডিলার নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি, দুর্নীতি কিংবা অযোগ্য ব্যক্তিদের নিয়োগের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বুধবার জাতীয় সংসদে সংসদ সদস্য মো. মুজিবুর রহমানের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রধানমন্ত্রী। প্রশ্নে মুজিবুর রহমান জানতে চান— বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) সার ও বীজ বিক্রির জন্য ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। তবে এ নিয়োগে অনিয়ম, দলীয়করণ, দুর্নীতি এবং অযোগ্য ব্যক্তিদের ডিলার নিয়োগের কারণে সাধারণ মানুষ হয়রানি ও কৃষকরা ভোগান্তির শিকার হচ্ছেন। এ ঘটনায় দায়ী সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে। জবাবে প্রধানমন্ত্রী বলেন, সার ডিলার নিয়োগ প্রক্রিয়া যুগোপযোগী করার লক্ষ্যে গত ২৭ আগস্ট ২০২৬ তারিখে 'সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা, ২০২৬' জারি করা হয়েছে। এ নীতিমালা অনুযায়ী, সব ডিলার সরকার নিযুক্ত, নিবন্ধিত ও তালিকাভুক্ত সার ডিলার হিসেবে বিবেচিত হবেন। এক্ষেত্রে বিসিআইসি ডিলার ও বিএডিসি ডিলার নামে কোনো বিভাজন থাকবে না।