ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কম্প্রোমাইজ করা যাবে না

বললেন নাহিদ ইসলাম
সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কম্প্রোমাইজ করা যাবে না

দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দুপুরে সচিবালয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম নেতৃত্বে বৈঠকে অংশ নেন সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও রাজনৈতিক পর্ষদ সদস্য আকরাম হোসেন। বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের ব্রিফিংয়ে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, সমসাময়িক রাজনীতির সংকট ইত্যাদি নিয়ে কথা হয়েছে। আমরা বলেছি যে, বর্তমান পরিস্থিতিটা আসলে একদিনে হয়নি। নির্বাচনের পর থেকেই গত সাত আট মাসেই ধারাবাহিকভাবে আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি, বিচার বিষয়ে আপসকামিতা, আওয়ামী লীগ প্রশ্নে কঠোর অবস্থান না নেওয়া, ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয়গুলো আরও স্পষ্ট না করার ফলে কিন্তু আজকের পরিস্থিতি তৈরি হয়েছে।

নাহিদ ইসলাম বলেন, জুলাইয়ের ঐক্য প্রশ্নে আমাদের অবশ্যই সংস্কার, বিচার এবং দেশের সার্বভৌমত্বকেই প্রাধান্য রাখতে হবে। একদলীয় সংবিধান সংশোধন কমিটি গণভোটের গণরায়ের বাস্তবায়ন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। আমরা সেই কমিটি বাতিল করার আহ্বান জানিয়েছি। গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করার কথা বলেছি। আমরা যদি গণতন্ত্রকে শক্তিশালী করতে না পারি, আমাদের প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে না পারি, তাহলে জনগণের আস্থা অর্জন আমরা করতে পারবো না। দেশে অর্থনৈতিক বিনিয়োগে আমরা আসবে না। এজন্য সংস্কার অত্যন্ত জরুরি। নাহিদ ইসলাম বলেন, গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে আগামী ১২ ডিসেম্বর। সেই গঙ্গা চুক্তির যে নতুন করে চুক্তিটা হবে সেই বিষয়ে যাতে ভারতের সাথে খুবই কঠোরভাবে বাংলাদেশের বার্তাটা দেওয়া হয় এবং আমাদের পানির ন্যায্য হিস?্যা যাতে আমরা আদায় করে নিতে পারি, সরকার এটাতে যাতে কোন ধরনের কম্প্রমাইজ না করে সে বিষয়ে কথা বলেছি।

ভারতীয় আধিপত্যবাদ নিয়ে নাহিদ ইসলাম বলেন, আমাদের লড়াই আওয়ামী লীগের সাথে কোন লড়াই না। আওয়ামী লীগকে আমরা পাঁচ আগস্ট পরাজিত করেছি। এটা এখন ভারতীয় আধিপত্যবাদের সঙ্গে লড়াই। কারণ ইন্ডিয়া আওয়ামী লীগ ও তার এ দেশীয় অ্যাসেটকে ব্যবহার করে সীমান্তের ওপার এবং ভেতর থেকে বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করছে। ফলে এই ভারতীয় আধিপত্যবাদ মোকাবিলায় বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। রাজনৈতিক শক্তিগুলাকেও ঐক্যবদ্ধ হতে হবে। সেই আহ্বান আমরা জানিয়েছি। আমাদের ওসমান হাদির খুনিদেরও দেশে ফেরত এনে বিচারের রায় কার্যকর করা, শেখ হাসিনাকে ফেরত এনে বিচারের রায় কার্যকরে যথাযথ উদ্যোগ নেওয়ার কথা বলেছি।

নাহিদ ইসলাম বলেন, জুলাই যোদ্ধাদের নিরাপত্তার বিষয়টা আমরা তুলে ধরেছি। তাদের যাতে নিরাপত্তা নিশ্চিত করা হয়, সেটার জন্য প্রশাসনকে যাতে নির্দেশনা দেয় সরকারের পক্ষ থেকে সে বিষয়ে আমরা আহ্বান জানিয়েছি। শহিদ পরিবার ও আহতদের পুনর্বাসনে যথাযথ পদক্ষেপ নিতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত