
দেশে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম ও হাম সন্দেহে আরও ১ হাজার ৪১৭ জন শনাক্ত হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯৬ জন এবং সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ৩২১ জন। তবে এই ২৪ ঘণ্টায় নিশ্চিত বা হাম উপসর্গে কারও মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। ২২ নভেম্বর সকাল ৮টা থেকে ২৩ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য এতে তুলে ধরা হয়েছে। বিজ্ঞপ্তি জানানো হয়, চলতি বছরের গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ২৩২ জনে। এ সময়ে মোট সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ২ লাখ ৫৭ হাজার ৯০৭ জন।
এ ছাড়া গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত নিশ্চিত হামে মোট ১০৫ জন এবং সন্দেহজনক হামে ১ হাজার ২৪৭ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এই সময়ে নিশ্চিত ও সন্দেহজনক হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৫২ জনে। হাসপাতালে ভর্তি ও সুস্থতার পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ২৬১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এবং ১ হাজার ৩১৪ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ২ লাখ ৩০ হাজার ৭৯১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২ লাখ ২২ হাজার ১৯ জন।
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৬৭ : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৬৭ জন রোগী।
গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫২০ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭৪ হাজার ৮৪০ জনে পৌঁছেছে। অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনের মধ্যে ঢাকা বিভাগে একজন এবং চট্টগ্রাম বিভাগে একজন রয়েছেন। নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৬৩০ জন, ময়মনসিংহ বিভাগে ৭৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৭ জন, খুলনা বিভাগে ১৪১ জন, রাজশাহী বিভাগে ১৬০ জন, রংপুর বিভাগে ৩৪ জন, বরিশাল বিভাগে ১৫০ জন এবং সিলেট বিভাগে ৯ জন রয়েছেন। চলতি বছর এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৩৯১ জন রোগী। দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৪ হাজার ৯২৯ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।