ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

মধ্যরাতে আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

মধ্যরাতে আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

মধ্যরাতে আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৯ শিশু রয়েছে। আফগান কর্তৃপক্ষের দাবি, মধ্যরাতে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে একটি বাড়িতে ওই বোমা হামলা চালানো হয়েছে। এছাড়া পৃথক হামলায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের বরাত দিয়ে গতকাল মঙ্গলবার এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। গতকাল মঙ্গলবার তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানান, খোস্ত প্রদেশের গোরবুজ জেলায় মধ্যরাতে এই হামলা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি লেখেন, ‘পাকিস্তানের আগ্রাসী বাহিনী স্থানীয় বাসিন্দা ওয়ালিয়াত খানের বাড়ি বোমা মেরে ধ্বংস করে দিয়েছে।’ তিনি আরও দাবি করেন, ‘হামলায় ৯ শিশু (পাঁচ ছেলে এবং চার মেয়ে) ও এক নারী নিহত হয়েছেন।’ মুজাহিদ জানান, এর পাশাপাশি উত্তর-পূর্বাঞ্চলের কুনার ও পূর্বাঞ্চলের পাকতিকা প্রদেশেও আরও কয়েকটি বিমান হামলা হয়েছে। সেখানে অন্তত চারজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। পাকিস্তানের বিমান হামলার জবাব দেওয়ার হুমকি আফগানিস্তানের : নতুন করে পাকিস্তানের চালানো বিমান হামলার জবাব দেওয়ার হুমকি দিয়েছে আফগানিস্তান। গতকাল মঙ্গলবার রাতে আফগানিস্তানের খোস্ত প্রদেশে বিমান হামলায় চালায় পাকিস্তান। এতে ৯ শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে আফগান তালেবান সরকার। এর আগে গত অক্টোবরে দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এরপর কাতার ও তুরস্কের মধ্যস্থতায় সংঘর্ষ থামলেও উত্তেজনা বিরাজমান ছিল। গতকাল পাকিস্তানের পেশোয়ারে আত্মঘাতী হামলায় ছয়জন নিহত হওয়ার পর রাতে আফগানিস্তানে বিমান হামলা চালায় ইসলামাবাদ।

পাকিস্তানবে উপযুক্ত জবাব দেওয়ার হুমকি দিয়ে আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, ‘আমাদের আকাশসীমা, অঞ্চল এবং জনগণকে রক্ষা করা আমাদের বৈধ অধিকার। উপযুক্ত সময়ে একটি প্রয়োজনীয় জবাব দেওয়া হবে।’

পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে সন্ত্রাসী গোষ্ঠী টিটিপি তাদের ওপর হামলা চালাচ্ছে। এতে আফগানিস্তানের মদদ আছে বলেও দাবি করে তারা। তবে তালেবান সরকার শুরু থেকেই এ অভিযোগ অস্বীকার করে আসছে। গতকাল পেশোয়ারে আত্মঘাতী বোমা হামলায় নিহতদের মধ্যে তিনজন নিরাপত্তা বাহিনীর সদস্য। আর বাকি তিনজন বেসামরিক সাধারণ মানুষ। পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, হামলাকারীকে প্রতিহত করা হয়। এতে করে বড় ধরনের হতাহত ঠেকানো সম্ভব হয়েছে।

২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতা দখল করে সরকার গঠন করে তালেবান। এরপর থেকে পাকিস্তানের সঙ্গে তাদের সম্পর্ক স্বাভাবিক ও উষ্ণ ছিল। কিন্তু টিটিপি খাইবার পাখতুনখাওয়াতে হামলা বাড়িয়ে দেওয়ার পর সম্পর্ক খারাপ হওয়া শুরু করে। এরমধ্যে গত মাসে দুই দেশের মধ্যে স্মরণকালের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত