ঢাকা বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

হাসিনা-কামালের সাজা বাড়াতে আপিল করবে প্রসিকিউশন

হাসিনা-কামালের সাজা বাড়াতে আপিল করবে প্রসিকিউশন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে মানবতাবিরোধী অপরাধের মামলার একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাজা বাড়াতে আপিল করবে প্রসিকিউশন। গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি বলেন, ‘গত ১৭ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছেন ট্রাইব্যুনাল-১। এ রায়ের পূর্ণাঙ্গ কপি আমরা পেয়েছি। এতে একটি অভিযোগে শেখ হাসিনা ও কামালকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। আরেকটি অভিযোগে দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড। আমরা রায় পর্যবেক্ষণ করছি। তবে আমৃত্যু কারাদণ্ডের শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ড করানোর জন্য আপিল করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছি আমরা।’ কবে আপিল করা হবে জানতে চাইলে তিনি বলেন, ‘রায় ঘোষণার ৩০ দিনের মধ্যেই আপিল করতে হয়। আমরা এর মধ্যেই করবো।’

এর আগে, গত ১৭ নভেম্বর শেখ হাসিনা ও কামালকে একটি অভিযোগ আমৃত্যু কারাদণ্ড দেন ট্র্যাইবন্যুাল। অন্য অভিযোগে তাদের দুজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে দেশে থাকা তাদের সব সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়। এছাড়া পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। এর ঠিক ৯ দিন পর পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে ট্রাইব্যুনাল। সাজার বিরুদ্ধে হাসিনা-কামাল ও মামুনকে আপিল করতে চাইলে আগামী ৩০ দিনের মধ্যে করতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত