
শেরপুরের শ্রীবরদীর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যা মামলায় প্রধান আসামি শেরপুর-৩ আসনের বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেলসহ ৪০ জনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। এ ঘটনায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়।
জামায়াতের বিবৃতিতে বলা হয়, শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিসহ ৪০ জনকে আগাম জামিন প্রদান করায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। বিবৃতিতে তিনি বলেন, ‘শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিসহ ৪০ জনকে আগাম জামিন প্রদান করা হয়েছে। আমি এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি।’ তিনি বলেন, ‘নির্বাচনি ইশতেহার ঘোষণার মতো একটি প্রশাসনিক ও জনসমাগমপূর্ণ অনুষ্ঠানে পরিকল্পিত হামলার মাধ্যমে একজন জনপ্রিয় নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের জন্য নয়, পুরো জাতির জন্যই গভীর বেদনা ও শোকের কারণ। অথচ রক্তের দাগ শুকানোর আগেই হত্যা মামলার প্রধান আসামিসহ ৪০ জন আসামিকে আগাম জামিন দেওয়ায় দেশবাসীর প্রশ্ন- তাহলে মানুষের নিরাপত্তা কোথায়? এই ঘটনা সাধারণ মানুষের ন্যায়বিচার প্রাপ্তির প্রত্যাশাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে।’ জামায়াত সেক্রেটারি বলেন, ‘আমরা মনে করি, একটি স্পষ্ট ও আলোচিত হত্যাকাণ্ডের মামলায় এ ধরনের সিদ্ধান্ত অপরাধীদের সাহস জোগাবে এবং ভবিষ্যতে রাজনৈতিক সহিংসতাকে আরও উৎসাহিত করবে। এতে করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার পাশাপাশি বিচার প্রক্রিয়ার প্রতি জনগণ আস্থা হারাবে।’
তিনি বলেন, ‘আমি অবিলম্বে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত বিচার নিশ্চিত করার জন্য অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। একই সঙ্গে আমরা প্রত্যাশা করি, উচ্চ আদালত বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।’
জানা গেছে, গতকাল সোমবার বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের হাইকোর্ট বেঞ্চ শেরপুর-৩ আসনের বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেলসহ ৪০ জনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। ৬ সপ্তাহের জন্য তাদের জামিন দেওয়া হয়েছে। আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
গত ২৮ জানুয়ারি বিকেলে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে বিএনপি নেতাকর্মীদের হামলায় নিহত হন শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম। পরে গত ৩১ জানুয়ারি শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৩৪ জন নামীয় এবং আরও ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে নিহত জামায়াত নেতার স্ত্রী মোছা. মার্জিয়া ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করেন।