
বাংলাদেশে আর কোনোদিনও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের রাজনীতি প্রতিষ্ঠা পাওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে চট্টগ্রামের মুরাদপুরে ষোলশহর রেলস্টেশনের প্রবেশমুখে শহিদ ওয়াসিম আকরাম স্মরণে স্মৃতিফলকের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
শেখ হাসিনা ও তার দল আবার পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে দাবি করে ইশরাক হোসেন বলেন, ‘আমি আপনাদের কাছে কঠোরভাবে একটি বার্তা দিয়ে যেতে চাই। বাংলাদেশে আর কোনোদিনও ফ্যাসিবাদী খুনি হাসিনা অথবা তার দলের রাজনীতির প্রতিষ্ঠা পাওয়ার সুযোগ নাই। ‘যতদিন আমরা জীবিত রয়েছি শহিদ পরিবারসহ, আহত যারা রয়েছে এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিলাম, এটা আমরা কোনোদিন হতে দেব না। আমরা গণহত্যার বিচার চাই। প্রতিটি শহিদ পরিবারের একটাই আকুতি, এই গণহত্যার বিচার হতে হবে।
‘আমরা বাংলাদেশে আইনের শাসন এবং বিচার প্রতিষ্ঠার মাধ্যমে তাদেরকে যথযাথ বিচারের আওতায় নিয়ে এসে সেই বিচারকে কার্যকর করব।’
জুলাই আন্দোলনে চট্টগ্রামে প্রথম শহিদ ওয়াসিম আকরামের স্মৃতি ধরে রাখার জন্য একটি স্মৃতিস্তম্ভ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে তথ্য দিয়ে তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজ আমি এসেছি সেই স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর উদ্বোধনের লক্ষ্যে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কথা স্মরণ করে প্রতিমন্ত্রী বলেন, ‘একটা বৈষম্যহীন বাংলাদেশ করার জন্যে এই আন্দোলন গড়ে উঠেছিল। এখানে আমাদের মধ্যে আগামীতে যেন কোনো বৈষম্য গড়ে না ওঠে। সেটার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমি সর্বাত্মকভাবে কাজ করে যাব। এই আন্দোলনে যারা শহিদ হয়েছে তাদের প্রত্যেকের স্মৃতি ধরে রাখার জন্যে সম্ভব হলে প্রত্যেক জেলায় একটি করে স্মৃতিস্তম্ভ স্থাপন করা হবে।’
অনুষ্ঠানে শহিদ ওয়াসিম আকরামের বাবা শামসুল আলম, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন উপস্থিত ছিলেন।