ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

সাটুরিয়ায় দুই মাদ্রাসাছাত্রী নিখোঁজ, ১৩ দিনেও মেলেনি সন্ধান

সাটুরিয়ায় দুই মাদ্রাসাছাত্রী নিখোঁজ, ১৩ দিনেও মেলেনি সন্ধান

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার একটি আবাসিক মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হওয়া দুই শিক্ষার্থী ১৩ দিন পার হলেও এখনো তাদের উদ্ধার করতে পারেনি সাটুরিয়া থানা পুলিশ। দীর্ঘ সময় ধরে সন্তানদের কোনো খোঁজ না পেয়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটছে দুই পরিবারের।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিখোঁজ দুই শিক্ষার্থী সাটুরিয়া উপজেলার জামিয়া জয়নব বিনতে জাহাশ (রা.) সৈয়দা গুলজান বেগম মহিলা মাদ্রাসার আবাসিক শাখায় থেকে পড়াশোনা করতেন। ১৩ দিন আগে নিজেদের পরিচয় গোপন করে সাময়িক সময়ের জন্য বাইরে যাওয়ার কথা বলে মাদ্রাসা থেকে বের হন। এরপর থেকে তারা আর মাদ্রাসা কিংবা নিজেদের বাড়িতে ফিরে আসেনি। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজখবর করেও তাদের কোনো সন্ধান মেলেনি।

নিখোঁজ শিক্ষার্থীদের বাবা-মা জানান, সন্তানরা কোথায় এবং কেমন আছে সে বিষয়ে তারা কিছুই জানেন না। গত ১৩ দিন ধরে চরম দুশ্চিন্তা ও উৎকণ্ঠার মধ্যে দিন-রাত কাটছে তাদের। তারা প্রশাসনের প্রতি দ্রুত দুই শিক্ষার্থীকে সুস্থ অবস্থায় উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান।

শিক্ষার্থীরা নিখোঁজ হওয়ার পরপরই পরিবারের পক্ষ থেকে সাটুরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। তবে ঘটনার ১৩ দিন পেরিয়ে গেলেও তাদের অবস্থান শনাক্ত বা উদ্ধার করা সম্ভব না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বজনরা। তাদের অভিযোগ, দীর্ঘ সময় অতিবাহিত হলেও পুলিশি তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি।

এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা সাটুরিয়া থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মর্তুজা বলেন, ঘটনার পর থেকেই পুলিশ তৎপর রয়েছে। নিখোঁজ শিক্ষার্থীদের অবস্থান শনাক্তে তথ্যপ্রযুক্তিসহ সব ধরনের উপায়ে অনুসন্ধান চালানো হচ্ছে। দ্রুতই তাদের সন্ধান পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে ১৩ দিন অতিবাহিত হওয়ার পরও দুই মাদ্রাসাছাত্রীর সন্ধান না মেলায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। ঘটনার রহস্য দ্রুত উদ্ঘাটন এবং দুই শিক্ষার্থীকে অক্ষত অবস্থায় উদ্ধারের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

মেলেনি সন্ধান,১৩ দিন,দুই মাদ্রাসাছাত্রী নিখোঁজ,সাটুরিয়া
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত