
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে সন্দেহজনক আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল শনিবার দুপুর আড়াইটার দিকে তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) ও মুখপাত্র মো. আকতার হোসেন যুগান্তরকে বলেন, জাসদ কার্যালয়ে মিছিল-স্লোগান হচ্ছিল। সেখানে জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছে বলে খবর পাওয়া যায়। পল্টন থানা পুলিশ সেখান থেকে সন্দেহভাজন ৩০/৪০ জনকে থানায় আনা হয়েছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে তথ্য যাচাই বাছাই চলছে। তদন্ত সাপেক্ষে তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, অভিযান এখনও অব্যাহত রয়েছে।
গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযান : ঢাকার গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান পরিচালনা করছে পুলিশ। গতকাল শনিবার দুপুর ৩টা থেকে এ অভিযান চলছে বলে জানিয়েছেন ঘটনাস্থলে থাকা এসআই নাজমুল হোসেন। তিনি বলেন, ভেতরে প্রায় চারশর মত ব্যক্তি আছে। তাদের আটক করে নিয়ে যাওয়া হচ্ছে।
'বেলা ৩টায় খবর পেয়ে পুলিশ তিনতলায় গিয়ে জাসদ অফিসে এদের দেখে। এরা এখানে বৈঠক করছিল।'
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন বিকাল সোয়া ৪টায় বলেন, আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি ওই কার্যালয়ের সামনে 'জয় বাংলা' স্লোগান হয়েছিল, আর ভেতরে একটি মিটিং চলছিল।
'এর পরিপ্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অনেককে নিয়ে যাচ্ছে, এ পর্যন্ত ৩০-৪০ জন পল্টন থানায় নেওয়া হয়েছে। এখনো আমাদের কার্যক্রম চলছে, পুরো প্রক্রিয়া পর্যালোচনা করে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।'
এর আগে বিকাল সাড়ে ৩টায় জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন, সারাদেশ থেকে আসা প্রায় সাড়ে ৩০০ নেতাকে নিয়ে প্রতিনিধি সভা করার সময় দুপুর আড়াইটায় তাদের ওপর 'হামলা' হয়েছে। 'প্রতিনিধি সভায় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা হামলা চালায়। আমরা অফিসে অবরুদ্ধ আছি। পুলিশ আসছে, হয়তো অ্যারেস্ট করবে।' দুপুর আড়াইটার দিকে জাসদ কার্যালয়ে প্রবেশ করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে বলতে দেখা যায়, 'এখানে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপন বৈঠক করছে।' এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সাজ্জাদ হোসেন বলেন, এটা মিথ্যা কথা, আমাদের প্রতিনিধি সভা চলছিল। 'এখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা আসবে কেন, একটা কিছু বলে আমাদের উপর আক্রমণ করাটাই বিষয়।'
তিনি দাবি করেন, বেলা ৩টার দিকে পুলিশ এসে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জাসদ কার্যালয় থেকে বের করে দিয়ে জাসদ নেতাকর্মীদের আটক শুরু করে।
শাহবাগ থানা যুবদলের সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন তপন বিকাল পৌনে ৫টার দিকে সাংবাদিকদের বলেন, 'দেশের বিভিন্ন স্থান থেকে কুষ্টিয়া, যশোর, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা— বিভিন্ন জায়গা থেকে লোক নিয়ে আইসা এখানে ৫০০-৬০০ লোক উইঠা তারা একটা গোপন বৈঠক করছে। দেশে জ্বালাও-পোড়াও করার জন্য, দেশকে আরও অস্থিতিশীল করার জন্য।
আপনারা যে কিছুদিন ধরে দেখতেছেন বিভিন্ন জায়গায় জ্বালাও-পোড়াও করতেছে, বোমা বাজি করতেছে, এই তারই অংশবিশেষ আজকে তারা এখানে গোপন বৈঠক বসছে।
যুবদল নেতা তপন বলতে থাকেন, "এর মধ্যে সকাল সাড়ে ১১টার দিকে আমরা খবর পাইছি, এখানে গোপন বৈঠক বসতেছে। তারপরে আমাদের কিছু লোকজন আইসা সত্যতা প্রমাণ পাইছে। পাওয়ার পরে ব্যাপকভাবে আমরা লোকজন আইসা তাদেরকে ব্যারিকেড দিছি। প্রশাসনের লোকজনকে আমরা খবর দিছি। 'তারপরে তো আপনারা দেখতেই আছেন প্রশাসনের লোকজন তাদের এক এক করে গাড়িতে উঠাইয়া নিয়ে যাচ্ছে। এই পর্যন্ত ৯৫ জনকে গাড়িতে উঠাইয়া থানায় নেওয়া হইছে। এখনও আরও অনেক লোক এখানে বাকি আছে।'
অভিযানের সময় জাসদ কার্যালয়ের সামনে যুবদলের নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন 'ফ্যাসিস্ট স্বৈরাচার, নিপাত যাক, নিপাত যাক' 'আওয়ামী লীগের গুন্ডারা, হুঁশিয়ার— সাবধান' 'যুবলীগের গুন্ডারা, হুঁশিয়ার— সাবধান' 'রাজপথে নামিস না, পিঠের চামড়া থাকবে না' 'ভাঙচুর করিস না, পিঠের চামড়া থাকবে না'।
অভিযানের সময় অনেকেই তাদের স্বজনদের খোঁজে জাসদ কার্যালয়ের সামনে ভিড় করেন। কিশোর বয়সি এক ছেলে ও এক মেয়ে সন্তানকে নিয়ে আসেন মাঝ বয়সি এক নারী। নাম প্রকাশ না করে তিনি বলেন, তার স্বামী জাসদ করেন। দলীয় সভায় এসে অবরুদ্ধ হয়ে পড়েছেন।
সাদিকুন নাহার স্নিগ্ধা নামের এক তরুণী নিজেকে এনসিপির গুলশান থানার মুখপাত্র দাবি করে বলেন, আমার বাবা রুহুল আমিন গাইবান্ধা থাকেন। গতকাল ঢাকায় এসেছেন। আগে জাসদ করতেন, এখন করেন না। 'বাবা বন্ধুদের সঙ্গে দেখা করতে ঢাকায় এসে এই ঝামেলায় পড়েছেন। আমাকে ফোন করে জানালে আমি ছুটে আসি।'