ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

এলব্রুসের চূড়ায় বাংলাদেশের পতাকা ওড়ালেন শাকিল

এলব্রুসের চূড়ায় বাংলাদেশের পতাকা ওড়ালেন শাকিল

ইউরোপের সর্বোচ্চ পর্বত মাউন্ট এলব্রুসের চূড়া জয় করেন পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল। গত শনিবার রাশিয়ার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় এলব্রুসের চূড়ায় পা রাখেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন শাকিল নিজেই। শিখরে পৌঁছে বাংলাদেশের জাতীয় পতাকা ওড়ান শাকিল।

তবে এ পর্বত জয় করা মোটেও সহজ ছিল না। গত ২৫ সেপ্টেম্বর ভোরে শাকিলের সামিট পুশে যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে সেই পরিকল্পনা বাতিল করে অভিযান পরিচালনাকারী এজেন্সি। এর আগে টানা দুই দিনের তুষারপাতে হাঁটুসমান নরম বরফে এলব্রুস চূড়ার দিকে যাওয়ার পথ ঢেকে যায়। এরপরও শুক্রবার রাতেই চূড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন শাকিল। তার সঙ্গে ছিলেন সহ-পর্বতারোহী হিদার ও গাইড অ্যালেক্স। শাকিলদের দেখে আরও দুটি দল সামিট পুশের সিদ্ধান্ত নেয়। কিন্তু কিছুদূর যাওয়ার পর পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। হিমশীতল ঝড়ো হাওয়া, তুষারঝড় এবং তীব্র তুষারপাতের কারণে সামনে দেখা যাচ্ছিল না ঠিকমতো। বরফের মধ্যে পা ডুবে যাচ্ছিল বারবার। পথ খুঁজে পাওয়াও কঠিন হয়ে পড়ে। একপর্যায়ে আবহাওয়া আরও খারাপ হওয়ায় দুটি দলই ফিরে যায়। কিন্তু শাকিল, হিদার ও অ্যালেক্স এগিয়ে যেতে থাকেন। শেষ পর্যন্ত তিনজন একসঙ্গে মাউন্ট এলব্রুসের চূড়ায় পৌঁছান।

ইউরোপের সর্বোচ্চ চূড়া জয় করে শাকিল বলেন, ২৫ তারিখের পূর্বাভাসে আবহাওয়া কিছুটা শান্ত হওয়ার আভাস ছিল। কিন্তু এলব্রুসে আরোহনের ক্ষেত্রে পূর্বাভাস কমই কাজে লাগে। এলব্রুসের বিরূপ আচরণেও তারা ফিরে আসেননি। তিনি বলেন, পাহাড় কখনও কখনও মানুষের শক্তি মাপে না। সবকিছু যখন ফিরতে বলে, তখনও সে কতদূর যেতে রাজি, সেটাই মাপে। আর এ প্রতিকূল আবহাওয়ার মধ্যেও এলব্রুস চূড়ায় দেশের পতাকা ওড়াতে পেরে গর্বিত।

অভিযানটি আয়োজন করে রাশিয়ান হাউজ ইন ঢাকা এবং বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব। অভিযানের পৃষ্ঠপোষকতায় আছে টার্কিশ এয়ারলাইনস, জ্যাপ, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং আলিয়া শিপিং লিমিটেড। এর আগে গত ১১ সেপ্টেম্বর 'বাংলাদেশ-রাশিয়া ফ্রেন্ডশিপ অভিযান' উপলক্ষে ঢাকার রাশিয়ান হাউসে শাকিলের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা তুলে দেওয়া হয়। এরপর গত ১৯ সেপ্টেম্বর রাশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। শিগগিরই মস্কো হয়ে বাংলাদেশে ফিরবেন এ পর্বতারোহী।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত