
দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। গতকাল শুক্রবার রাজধানীর ফার্মগেটের একটি রেস্টুরেন্টে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও 'রোমিং ফর ঢাকা' নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। সেলিম উদ্দিন বলেন, 'দেশকে ভালো করতে হলে দুর্নীতিমুক্ত নেতৃত্বকে ক্ষমতায় আনতে হবে, যাদের দেশ পরিবর্তনের ভিশন ও মিশন রয়েছে। সঠিক পরিকল্পনা থাকলে বিশ্বের আধুনিক শহরগুলোর আদলে ঢাকাকে গড়ে তোলা সম্ভব।'
রাড্ডার ঘটনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, 'ঘটনাটি বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। শুধু এমপিকে পদত্যাগ করালে হবে না, ঘটনার তদন্ত করে জড়িত সবাইকে বিচারের মুখোমুখি করতে হবে।' একই সঙ্গে জাতির স্বার্থে চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
এ সময় সরকার 'পুরোনো ফ্যাসিবাদের পথেই' হাঁটছে বলও মন্তব্য করেন সেলিম উদ্দিন। বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি নিয়ে প্রতিবাদ করায় মেজর আক্তারুজ্জামানের বিরুদ্ধে মামলা করাকে একজন মুক্তিযোদ্ধাকে অবমাননার শামিল বলেও মন্তব্য করেন তিনি। সেলিম উদ্দিন বলেন, 'বিএনপি এখন আওয়ামী লীগের মতো মামলা-হামলার রাজনীতি করছে।'
বিমানবন্দরে জামায়াতের ৩৪ এমপিকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় রাখার পেছনে ষড়যন্ত্রমূলক দুরভিসন্ধি থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি। জনগণের ভোগান্তি নিয়ে কথা বলায় মেজর আক্তারুজ্জামানের বিরুদ্ধে করা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান জামায়াতের এই নেতা।
প্রেস ব্রিফিংয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা, ডা. ফখরুদ্দিন মানিক, ইয়াসিন আরাফাত এবং মহানগরীর প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার উপস্থিত ছিলেন।