
বিদ্যালয় পর্যায়ে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তিতে পরীক্ষার পরিবর্তে লটারি পদ্ধতি বহালের নির্দেশনা চাওয়া রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। গতকাল রোববার এ আদেশ দেয় বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ। আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী জাহিদুর রহমান তালুকদার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী। আদেশের পর আজমী বলেন, ভর্তি পরীক্ষার পরিবর্তে লটারি পদ্ধতি বহাল চেয়ে করা রিট আবেদন সরকারের নীতিগত সিদ্ধান্ত জানিয়ে খারিজ করা হয়েছে।
খারিজের পর আইনজীবী জাহিদুর রহমান তালুকদার বলেন, "আদালত বলেছেন, স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি এবং পরীক্ষা দুটোরই সুবিধা-অসুবিধা রয়েছে। তবে পরীক্ষাই তুলনামূলক ভাল। কারণ পরীক্ষার মাধ্যমে মেধাবীরাই ভর্তির সুযোগ পাবে।
"এ ছাড়া বিষয়টি সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়। তাই এ বিষয়ে আদালত হস্তক্ষেপ করতে পারে না। ফলে উত্থাপিত হয়নি বিবেচনায় রিটটি আবেদনটি খারিজ করে দিয়েছেন আদালত।"
করোনাভাইরাস সংক্রমণের কারণে ২০২১ শিক্ষাবর্ষে সব শ্রেণিতেই লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হয়। এরপর থেকে এ পদ্ধতিই বহাল ছিল। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ গত ১৬ মার্চ এক আদেশে লটারি পদ্ধতি বাতিল করে। এরপর গত ১৩ অক্টোবর ২০২৭ শিক্ষাবর্ষে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির নীতিমালা জারি করে শিক্ষা মন্ত্রণালয়। নতুন নীতিমালায় এসব বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে ভর্তির জন্য ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন পদ্ধতি রাখা হয়। নীতিমালায় বলা হয়, দ্বিতীয় শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। লটারি পদ্ধতি বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন মুভমেন্ট ফর হিউম্যান রাইটস অ্যান্ড গুড গভর্ন্যান্স ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মিনহাজ উদ্দিন আহমেদ। দেশের সব বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তিতে পরীক্ষার পরিবর্তে লটারি পদ্ধতি বহালের পাশাপাশি লিখিত পরীক্ষার সিদ্ধান্ত বাতিলের নির্দেশনা চাওয়া হয়।
আবেদনটি বিচারপতি এসএম মনিরুজ্জামান ও বিচারপতি এসএম ইফতেখার উদ্দিন মাহমুদের হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য ছিল। গত ১৪ অক্টোবর এই বেঞ্চ কার্যতালিকা থেকে আবেদনটি বাদ দেন। এরপর রোববার তা খারিজ হলো।