
রাজধানীর মিরপুর-১৩ নম্বরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসকের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবনে ওই কার্যালয়ে এ হামলায় অন্তত দুইজন আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বলছেন, লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে ১০০ থেকে ১৫০ জনের একটি দল সেখানে হামলা চালায়। ঘটনাস্থলের দুটি ভিডিওতে ভবনের সামনের কাচ এবং লিফটের চারপাশের ঘেরাওয়ের অংশ ভাঙা দেখা যায়।
কার্যালয়ের কর্মকর্তাদের দাবি, হামলাকারীরা ভবনের ভেতরে ঢোকার চেষ্টা করলেও কাচের দরজার কারণে প্রবেশ করতে পারেনি। হামলার পর ভবনের প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। সেখানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা যায়। ডিএনসিসি প্রশাসক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টনের কার্যালয়ের দপ্তর সম্পাদক মোহাম্মদ মামুন পাটোয়ারী বলেন, গত এক সপ্তাহ ধরে বিভিন্ন গোয়েন্দা তথ্যের মাধ্যমে সম্ভাব্য হামলার বিষয়ে তারা সতর্ক ছিলেন। এ পরিস্থিতিতে মিল্টন ও সদস্যসচিবের নির্দেশনায় বিভিন্ন থানার নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় অবস্থান নেন। ঘটনার সময় তারাও ওই ভবনে ছিলেন।
মামুন পাটোয়ারী বলেন, সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে ২০ থেকে ২৫ জন পুরুষ এবং শতাধিক নারী এসে ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে কার্যালয়ে থাকা লোকজনের ওপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তারা সেখান থেকে সরে যেতে বাধ্য হন। পুলিশকে খবর দেওয়া হলেও বেশ কিছু সময় পর পুলিশ ঘটনাস্থলে যায় বলে অভিযোগ করেন তিনি।
মামুন পাটোয়ারীর দাবি, হামলাটি মূলত শফিকুল ইসলাম খান মিল্টনকে লক্ষ্য করে চালানো হয়েছে। ভবনের আশপাশের অন্য স্থাপনার তুলনায় তাদের কার্যালয়ে বেশি ভাঙচুর করা হয়েছে। ভবনে থাকা মিল্টনের ছবিও ভাঙচুর করা হয়েছে।
সম্প্রতি ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানোর বিষয়টি হামলার পেছনে কারণ হতে পারে বলে মনে করছেন তিনি।
ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, সকালে শ্রমিকরা রাস্তায় নেমেছিল। সেখান থেকে দুয়েকটা ইট-পাটকেল মারতে পারে। এর আগে সকালে রাজধানীর কাফরুল এলাকায় পোশাকশ্রমিকদের সঙ্গে বিএনপি কর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
কয়েকজন নারী শ্রমিককে লাঞ্ছিত করার অভিযোগকে কেন্দ্র করে ওই পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রায় ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে মিরপুর-১৪ নম্বর এলাকার লোড স্টার ফ্যাশন ও মিড এশিয়া ফ্যাশন কারখানার সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ বলছে, কারখানা দুটিতে প্রায় ৫ হাজার ১০০ শ্রমিক কাজ করেন। সকালে এসব কারখানার শ্রমিকরা পাশের জকি গার্মেন্টস, ভিশন গার্মেন্টস ও আইডিয়াস গার্মেন্টসের উৎপাদন কার্যক্রমে বাধা দেন। পরে ওই কারখানাগুলোর শ্রমিকদের বের করে নিয়ে আসেন তারা।
এ সময় স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে নারী শ্রমিকদের লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। এ নিয়ে শ্রমিকদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইট নিক্ষেপের ঘটনা ঘটে।
উপকমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, বেশ কিছু শ্রমিক রাস্তায় নেমেছিলেন। ধাওয়া দিলে তারা বিভিন্ন অলিগলিতে অবস্থান নেন। একপর্যায়ে সেখান থেকেও তাদের সরিয়ে দেওয়া হয়।