ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

চন্দনাইশে ৫০০ হেক্টর জমিতে শিম চাষ

দাম ও ফলনে খুশি কৃষক

সুসংবাদ প্রতিদিন
দাম ও ফলনে খুশি কৃষক

চলতি মৌসুমে চন্দনাইশে শিমের বাম্পার ফলন হওয়ায় কৃষকরা বেজায় খুশি। কিছু কিছু এলাকায় আগাম শিম তুলে কৃষকরা চড়া দামে বিক্রি করে লাভবান হচ্ছেন। চন্দনাইশে চলতি মৌসুমে শিম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫০০ হেক্টর, যার উৎপাদনের লক্ষ্যমাত্রা ৭ হাজার ৫০০ মেট্রিক টন। যার বাজার মূল্য আনুমানিক সাড়ে ৩৭ লাখ টাকা।

উপজেলার শঙ্খ তীরবর্তী দোহাজারী, ধোপাছড়ি, বৈলতলী, হাশিমপুর এলাকায় ব্যাপক হারে শিমের চাষ হয়। চলতি মৌসুমে দোহাজারী ও ধোপাছড়ি এলাকার বিভিন্ন বিলে শিমের ফুলে রঙিন হয়ে উঠেছে ক্ষেতের মাঠ। আবাদি জমির পাশাপাশি অনেক অনাবাদি জমিতেও শিম লাগিয়েছেন কৃষকেরা। গ্রীষ্ম ও শীত এই দুই মৌসুমে শিম উৎপাদন হয়। ছুরি জাতের শিমের ফলন বেশ ভালো হয় বলে এ জাতের শিমের চাষ বেশি হয়েছে চলতি মৌসুমে। কৃষকেরা জানান প্রতি হেক্টরে শিম চাষে খরচ পড়েছে ৪০ থেকে ৫০ হাজার টাকা। ধোপাছড়ির কৃষক মো. হানিফ বলেছেন, তিনি ১০০ শতক জমিতে শিম চাষ করেছেন। তার পাশাপাশি আইয়ুব আলী ১২০ শতক জমিতে শিম চাষ করে এখন ফলে-ফুলে ভরে উঠেছে শিম ক্ষেত। বর্তমানে প্রতি কেজি শিমের দাম ৭০-৮০ টাকায় বিক্রি করছেন তারা। ৪০ শতক জমির খাজনা ২০ হাজার টাকা কিটনাশক ও স্প্রে ব্যবহার করতে হয় আরো ২০ হাজার টাকা ফলে লক্ষাধিক টাকা খরচ করে দাম ভালো থাকলে দ্বিগুণ টাকার বেশি শিম বিক্রি করা যায় বলে তারা জানান। প্রতিবছর ভাদ্র মাসে শিম গাছ লাগানো শুরু হয়। ৩ মাস পর থেকে ফলন পেয়ে বিক্রি করে থাকে তারা। উপজেলার বিভিন্ন বাজারে ঘুরে দেখা যায়, প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকা দামে। আর পাইকারিতে তা বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। পৌষ মাসের প্রথম থেকে শিম তোলা শুরু হয়ে, ফাল্গুনের শেষ সপ্তাহ পর্যন্ত শিম তুলতে পারবে। চন্দনাইশে উৎপাদিত শিম চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় নিয়ে যায় পাইকারি বিক্রেতারা। উপজেলা কৃষি কর্মকর্তা আজাদ হোসেন বলেছেন, চলতি মৌসুমে এরইমধ্যে অনেকেই শিমচাষ করে ফলন তুলতে শুরু করেছে। চলতি মৌসুমে শিম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫০০ হেক্টর জমিতে, উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ৫০০ মেট্রিক টন। যার বাজার মূল্য প্রায় সাড়ে ৩৭ লাখ টাকা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত