ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

সুসংবাদ প্রতিদিন

নকলায় বারোমাসি সজনে চাষে আগ্রহ বাড়ছে

কম খরচে বেশি লাভ
নকলায় বারোমাসি সজনে চাষে আগ্রহ বাড়ছে

ফালগুন-চৈত্র মাসের সবজি সজনে। ভেষজ ও পুষ্টিগুণ সমৃদ্ধ এই সজনে ডাঁটা এখন সব মৌসুমে তথা সারা বছর ফলছে। এই ডাঁটা ভোজন রসিকদের বেশ পছন্দের খাবার। তাই দাম ও চাহিদাও রয়েছে বেশ। ২০১০ সালে শেরপুরের নকলায় প্রথমবারের মতো শুরু হয়েছে থ্রি-স্ট্রার জাতের উচ্চ ফলনশীল বারোমাসি সজনে ডাঁটার চাষ। পুষ্টি গুণে ভরপুর ও কাঙ্ক্ষিত দামের এই সজনে ডাঁটা চাষ ছড়িয়ে পড়েছে পুরো উপজেলায়। শেরপুরের নকলা উপজেলার প্রতিটি ইউনিয়নের কৃষক ও কৃষি পরিবারের মধ্যে বারোমাসী সজনে ডাটা চাষে দিন দিন আগ্রহ বাড়ছে।

উপজেলার প্রায় প্রতিটি বাড়ির আঙিনায় নিজেদের খাওয়া জন্য হলেও ২-৪টি করে গাছ রোপণ করা হয়েছে। তবে লক্ষণীয় বিষয় পরিত্যক্ত জমিতে ও রাস্তার পাশে বারোমাসি সজনে ডাঁটার চাষ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। যা অন্য এলাকা থেকে আসা পথচারীসহ সবার নজর কেড়েছে। ঢাকা-শেরপুর মহাসড়ক দিয়ে নকলা উপজেলার প্রবেশ পথের দুই পাশে সাড়ি সাড়ি সজনে ডাঁটার গাছ একদিকে যেমন রাস্তার ভাঙ্গন রোধ করছে, অন্যদিকে স্থানীয় সুস্বাধু সবজির চাহিদা মেটাচ্ছে। তাই অনেকে বাণিজ্যিকভাবে এ ডাঁটা চাষ করে লাভবান হচ্ছেন।

রাস্তার পাশে রোপন করা সজনে ডাঁটা চাষিদের মধ্যে এমন কয়েকজন চাষি হলেন, নকলা পৌরসভার জালালাপুর এলাকার খায়রুল ইসলাম, আশ্রাফ আলী, নছিমদ্দিন, আমির উদ্দীন, হাছেন আলী ও রানা মিয়া প্রমুখ। তারা জানান, ফালগুন-চৈত্র মাসের মৌসুমি সবজি সজিনা ডাঁটা এখন সারা বছরই পাওয়া যায়। সজিনার ডাঁটা ছাড়াও সবুজ ডালসহ এগাছের পাতা গো-খাদ্য হিসেবে ব্যবহার করা যায়। এছাড়াও ডাঁটা, পাতা, বাকল, শেকড়, ফুল, বীজ এবং এ গাছের আঠাতেও মানব দেহের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ ওষুধি গুণাগুণ। এ ডাঁটার বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। এর দুটি জাতের মধ্যে পিকে এম-২ জাতের সজিনা গাছে ১২ মাস ডাঁটা পাওয়া যায়। পুষ্টি বিজ্ঞানের মতে, পিকে এম-১ জাতের গাছের পাতা সজিনার চা, পাউডার ও ট্যাবলেট ওষুধ হিসেবে ব্যবহার হয়। এ ছাড়াও এ গাছের পাতা ডালসহ গোখাদ্য হিসেবে ও ব্যবহার করা যায়। গরু মোটাতাজাকরণের ক্ষেত্রে বারোমাসি এ সজিনা চারা লাগানোর ৬ মাসেই গাছে ডাঁটা ফলে এবং সারা বছরই তা পাওয়া যায়। একটি পূর্ণ বয়ষ্ক গাছে বছরে ৩০০টি থেকে ৪০০টি পর্যন্ত সজিনার ডাঁটা হয়। সাধারণত ২০টি ডাঁটায় এক কেজি হয়। এ হিসেবে একটি গাছে ৪০ থেকে ৫০ কেজি ডাঁটার ফলন সম্ভব। দাম ও চাহিদা থাকায় একটি গাছ থেকে বছরে ৪ হাজার থেকে ৫ হাজার টাকা আয় করা সম্ভব। বাণিজ্যিকভাবে চাষ করলে এক বিঘা জমিতে ৪০০টি গাছ রোপণ করা সম্ভব। এতে বছরে ৪ থেকে ৫ লাখ টাকা আয় করা সম্ভব বলে জানান চাষিরা।

সজিনা গাছের তেমন একটা পরিচর্যার প্রয়োজন হয় না। শুধু গরু-ছাগলের উপদ্রব ঠেকানো সম্ভব হলেই গাছগুলো বেড়ে ওঠে এবং তাতে ভালো ফলন হয়। সার ও কীটনাশক ব্যবহারেরও প্রয়োজন হয় না। তাই এ সবজি চাষে সফল হতে আগামীতে এলাকায় ব্যাপকভাবে এর আবাদ বৃদ্ধি পাবে বলে মনে করছেন মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা।

ভূরদী কৃষিপণ্য উৎপাদক কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ মো. ছায়েদুল হক জানান, বারোমাসি সজনে গাছ দ্রুত বাড়ে। চারা রোপণের ছয় মাসেই ডাঁটা ধরে এবং সারা বছরই ডাঁটা পাওয়া যায়। পূর্ণবয়স্ক একটি গাছে ১ হাজার থেকে ১ হাজার ৬০০টি ডাঁটা হয়। সাধারণত ২০টি ডাঁটায় ১ কেজি হয়। এ হিসেবে একটি গাছে ২ মণ ডাঁটা ধরে। ৮০ টাকা কেজি হিসেবে এর দাম ৬ হাজার ৪০০ টাকা থেকে ৭ হাজার টাকা। তিনি আরও জানান, ১০ থেকে ১২টি সজনা ডাঁটাতে এক কেজি হয়। অতি সহজে চারা উৎপাদন করা যায়। বিঘা প্রতি (৩০ শতক) জমিতে ৯০ থেকে ১০০টি গাছের চারা রোপণ করা যায়। বাজারে সজনে ডাঁটার ব্যপক চাহিদা ও ভালো দাম থাকায় এর চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। চারা লাগানোর ৮-৯ মাস পর থেকেই গাছে সজনের ডাঁটা আসে। রোগবালাই ও উৎপাদন খরচ নেই বললেই চলে। প্রতি বিঘা সজনে বাগান করতে সর্বোচ্চ খরচ হয় ২০ হাজার টাকা। প্রতি কেজি সজনে ডাঁটা ১০০ থেকে ১২০ টাকা দরে পাইকাররা বাগান থেকেই কিনে নেন বলে তিনি জানান।

বারোমাসি সজনা ডাঁটার ব্যপক চাহিদা থাকায় নকলার অনেক নার্সারিতে এই জাতের গাছের চারা উৎপাদন করা হচ্ছে। নার্সারি মালিক মুক্তার হোসেন জানান, তার নার্সারিতে বর্তমানে ১ হাজার ৩০০টি বারোমাসি সজনা ডাঁটা গাছের চারা আছে। আরো ৩ হাজার চারা তৈরির কাজ শুরু করেছেন। প্রতিটি চারা ৫০ টাকা থেকে ১০০ টাকা করে বিক্রি করা হয় বলে তিনি জানান।

নকলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, মানবদেহে হৃদরোগ, রক্তের প্রবাহবৃদ্ধি, টাইফয়েড, শ্বেতী, প্যারালাইসিস, বাতজ্বর ও লিভার প্রদাহ, ত্বক ও চোখের রোগ প্রতিরোধে সজিনা গাছ ও ডাঁটা অনেক উপকারী। এছাড়াও পোকামাকড়ের কামড়ে অ্যান্টিসেপটিকের কাজ করে সজিনা পাতার রস। সজিনার বাকল, শেকড়, ফুল, বীজ এবং এ গাছের আঠাতেও ওষুধি গুণ রয়েছে।

নকলা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম জানান, সজিনার ডাঁটা, পতা, বাকল যেমন মানবদেহে বিভিন্ন রোগের জন্য কাজ করে। সেই সঙ্গে এর পাতায় প্রচুর পরিমাণ প্রোটিন থাকায় গবাদিপশু মোটাতাজা করণে দেশীয় দানা খাবারের সঙ্গে সবুজ ডালসহ পাতা খাওয়ালে দ্রুত ওজন বাড়ে।

আমরা দ্রুত গবাদিপশু খামারিসহ সকলকে এ সজিনা আবাদ বৃদ্ধি করে নিজেরা আর্থিকভাবে লাভবান হতে পারেন। এছাড়া কম খরচে সবুজ ডালসহ পাতা খাইয়ে গবাদিপশু মোটাতাজাকরণ করতে পারেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ জানান, মাঠপর্যায়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উন্নত জাতের সজনের আবাদ বাড়াতে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। বারোমাসি সজনের গাছ দ্রুত বৃদ্ধি পায় এবং ফলন তাড়াতাড়ি হয়। চারা রোপণের সাত থেকে আট মাসেই ডাঁটা ধরে এবং সারা বছরই ডাঁটা হয়। অসময়ের ডাঁটার দাম বেশি থাকায় কৃষকার লাভবান হয়ে থাকেন। খুববেশি পরিচর্যা লাগে না। থ্রি-স্ট্রার জাতের সজনে খেতে বেশ সু-স্বাদু। পূর্ণবয়স্ক একটি সজনে গাছে সহস্রাধিক ডাঁটা ধরে। একটি গাছের গড় আয়ু এক যুগেরও বেশি। অল্প ব্যয়ে চাষ করা এই সবজি আবাদে লাভ বেশি হওয়ায় কৃষকরা ঝুঁকেছেন। সজনে ডাঁটা চাষ করে যেকেউ পরিবারে সুখ-শান্তি আনতে পারেন। এছাড়া শিক্ষিত বেকাররা চাইলে বাড়ির আঙিনায় ও রাস্তার পাশে সজনে ডাঁটা চাষ করে লাভবান হতে পারেন বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও জানান, সজনে ডাঁটাকে সুপার ফুড বলা হয়। সজনের পাতাও মানবদেহের জন্য খুবই উপকারী। তাই দেশে সজনের ব্যাপক চাহিদা রয়েছে। এটি বাণিজ্যিকভাবে চাষাবাদের পর্যাপ্ত সুযোগ রয়েছে। কৃষক ও কৃষি উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করতে সজনে 'মাতৃ বাগান' গড়ে তোলতে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। কেউ চাষ করতে চাইলে তাকে কৃষি বিভাগ থেকে নিয়মিত পরামর্শসহ সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানান কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত