ঢাকা বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

চট্টগ্রামে ফ্যামিলি কার্ড দেওয়া হবে পতেঙ্গার একটি ওয়ার্ডে

চট্টগ্রামে ফ্যামিলি কার্ড দেওয়া হবে পতেঙ্গার একটি ওয়ার্ডে

চট্টগ্রামে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানিয়েছেন পতেঙ্গা এলাকার একটি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। গতকাল বুধবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই তথ্য জানান। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘নারীর ক্ষমতায়নের লক্ষ্যে সারা দেশব্যাপী বর্তমান সরকারের পক্ষ থেকে যুগান্তকারী কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তারমধ্যে একটি কার্যক্রম হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ। যেটি সারাদেশে এরইমধ্যে প্রচণ্ড রকমের আলোড়ন সৃষ্টি করেছে।

‘গতকালকে আমাদের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশের বিভিন্ন জেলার ১৪টি ওয়ার্ডে এই ফ্যামিলি কার্ডের প্রাথমিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে। তারমধ্যে চট্টগ্রাম মহানগরের একটি ওয়ার্ড পতেঙ্গা সেখানেও কার্যক্রম শুরু করতে যাচ্ছি।’

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রামের জেলা প্রশাসকের স্টাফ অফিসার ও সহকারি কমিশনার মো. মঈনুল হাসান বলেন, ‘পতেঙ্গায় দুটি ওয়ার্ড আছে। সেখানে জনসংখ্যাসহ মাঠ পর্যায়ের

বিভিন্ন তথ্য সংগ্রহ করা হচ্ছে। এখনও প্রাথমিক পর্যায়ে আছে। চূড়ান্ত হয়নি কোনো ওয়ার্ডে ফ্যামিলি কার্ড দেওয়া হবে।’

নগরীর এক প্রান্তে পতেঙ্গা এলাকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দুটি ওয়ার্ডের অবস্থান। একটি ৪০ নম্বর উত্তর পতেঙ্গা এবং অন্যটি ৪১ নম্বর দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড। ফ্যামিলি কার্ডের জন্য তালিকা প্রণয়ন বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘বাংলাদেশের চার কোটি পরিবার যার মধ্যে ৫০ লাখ যারা অতি দরিদ্র পরিবার তাদের এই ফ্যামিলি কার্ড দেওয়া হবে প্রাথমিকভাবে।

‘আমরা আমাদের সমস্ত কর্মকর্তাদের এরইমধ্যে নির্দেশনা দিয়েছি। কীভাবে একে নির্ভুল করা যায়। প্রতি ধাপে ধাপে আমরা মনিটরিং করব যাতে কোনো রকম ভুল তথ্য না আসে। কেউ যেন বাদ না পড়ে যায়। কোনো অসহায় নারী যেন বাদ না পড়ে যায়। আমরা যেন প্রত্যেকটা নারীর ফ্যামিলি কার্ডের যে অধিকার যেন নিশ্চিত করতে পারি।’

তিনি বলেণ, ‘নির্ভুল তালিকা তৈরি করতে কাজ করছি। যাতে যারা সত্যিকারের দাবিদার ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য, আসলে অসহায় নারী তারা যেন কোনোভাবে বঞ্চিত না হয়। কোনো রাজনৈতিক দল-মত-প্রভাব নির্বিশেষে আমরা এই কাজগুলো করব। একটা স্বচ্ছ ও নির্ভুল তালিকা করতে আমরা বদ্ধপরিকর।’

এরআগে গত মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্বে ফ্যামিলি কার্ড চালু করতে গঠিত কমিটির সভা হয়েছে। সভা শেষে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ১০ মার্চ প্রাথমিকভাবে ১৪ উপজেলায় ফ্যামিলি কার্ড চালু করবে সরকার। গত ১২ ফেব্রুয়ারি হওয়া নির্বাচনে বিএনপির অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত