
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নবনিযুক্ত প্রশাসক মো. শফিকুল ইসলাম খান দায়িত্ব গ্রহণের পরপরই মশক নিয়ন্ত্রণ ও নিধন কার্যক্রম পরিদর্শন করেছেন। গতকাল বুধবার সকালে গুলশান নগরভবনে ডিএনসিসির বিদায়ী প্রশাসক সুরাইয়া আখতার জাহান আনুষ্ঠানিকভাবে নবনিযুক্ত প্রশাসকের নিকট দায়িত্বভার হস্তান্তর করেন। দায়িত্ব নেওয়ার পরপরই প্রশাসক স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিতকে সঙ্গে নিয়ে মিরপুর-২ এলাকায় অবস্থিত ডিএনসিসির মশক নিধন ঔষধ সংরক্ষণাগার পরিদর্শন করেন।
পরিদর্শনকালে মশক নিধন ঔষধের কার্যকারিতা পরীক্ষা করা হয় এবং নগরীতে মশক নিয়ন্ত্রণে কর্পোরেশনের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করা হয়। ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান পরিদর্শনের শেষে বলেন, ‘সবাইকে সঙ্গে নিয়ে ঢাকাকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাব।’ এ সময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।