ঢাকা শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত ঘিরে জোর প্রস্তুতি

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত ঘিরে জোর প্রস্তুতি

পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত সামনে রেখে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অবস্থিত জাতীয় ঈদগাহ ময়দানে জোর প্রস্তুতি শুরু হয়েছে। ঈদের এখনও প্রায় ১৪ দিন বাকি থাকলেও ময়দানজুড়ে প্যান্ডেল নির্মাণ, মাঠ সমতলকরণ, ড্রেনেজ ব্যবস্থা ও রঙের কাজ দ্রুতগতিতে এগিয়ে নেওয়া হচ্ছে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, জাতীয় ঈদগাহের খোলা ময়দানজুড়ে বাঁশের স্তূপ। শ্রমিকরা শাবল দিয়ে মাটি খুঁড়ে বাঁশের খুঁটি স্থাপন করছেন। কেউ রশি দিয়ে বাঁশ বেঁধে প্যান্ডেলের কাঠামো তৈরি করছেন, আবার কেউ ময়দানের ভেতরে ও আশপাশের দেওয়ালে নতুন করে রঙের প্রলেপ দিচ্ছেন। বাঁশের কাঠামো তৈরির কাজ শেষ হলে ত্রিপল টানিয়ে প্যান্ডেল সম্পূর্ণ করা হবে।

এছাড়া ঈদগাহ ময়দান সমতলকরণ, ঘাস কাটা, অজুর জন্য পানির ট্যাপ স্থাপন, মোবাইল টয়লেট বসানো এবং মুসল্লিদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করার কাজও চলছে। মাঠে পানি জমে থাকার আশঙ্কা দূর করতে ড্রেনেজ ব্যবস্থাও প্রস্তুত করা হচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তত্ত্বাবধানে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে। গতকাল পবিত্র রমজানের ১৫তম দিন শেষ হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আর প্রায় ১৫ দিন পরই অনুষ্ঠিত হবে ঈদুল ফিতর। প্রতি বছরের মতো এবারও জাতীয় ঈদগাহ ময়দানেই ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। আবহাওয়া অনুকূলে থাকলে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে আবহাওয়া প্রতিকূল হলে বিকল্প হিসেবে সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

জানা গেছে, জাতীয় ঈদগাহ মাঠ ও আশপাশের এলাকায় প্রায় অর্ধলাখ মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করতে পারবেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত