
রাজধানীর খিলগাঁওয়ে একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দোকানটি থেকে ১০০ ভরি স্বর্ণালঙ্কার ও ১৫০ ভরি রুপার অলঙ্কার চুরি হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, গোড়ান টেম্পু স্ট্যান্ড এলাকার একটি বাড়ির নিচে এই দোকানটি অবস্থিত। সম্ভবত গত বুধবার রাতে এ চুরির ঘটনা ঘটেছে। আজ মালিকপক্ষ থেকে বিষয়টি আমাদের জানানো হয়েছে। প্রাথমিকভাবে আমাদের জানানো হয়েছে, দোকান থেকে ১০০ ভরি স্বর্ণালঙ্কার ও ১৫০ ভরি রুপার অলঙ্কার চুরি হয়েছে। তবে চুরি হওয়া অলঙ্কারের প্রকৃত পরিমাণ তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এখনও কোনো সিসিটিভি ফুটেজ আমাদের হাতে আসেনি। আমরা এ ঘটনা তদন্ত করছি।