ঢাকা শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

ঢামেকের বার্ন ইউনিট নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার

ঢামেকের বার্ন ইউনিট নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীর পুরান ঢাকার চাঁনখারপুলের ভাড়া বাসা থেকে নাহিদা আক্তার ওরফে ববি নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে লাশটি উদ্ধার করা হয়। নাহিদা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের নার্স ছিলেন। তার এক স্বজন বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিল। গতকাল রাতেও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছিল। এই দাম্পত্য কলহের জেরে নাহিদা আত্মহত্যা করে থাকতে পারেন।

চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কাউছার গতকাল শুক্রবার সকালে জানান, গতকাল রাত ১১টার দিকে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বর থেকে খবর পায় পুলিশ। খবর পেয়ে পুলিশ চাঁনখারপুল এলাকায় নাহিদার ভাড়া বাসায় যায়। তিনি ভবনটির ছয়তলায় থাকছিলেন। বাসার ভেতর থেকে ছিটকিনি লাগানো ছিল। ডাকাডাকি করে ভেতর থেকে কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। পরে দরজা ভেঙে বাসার ভেতরে ঢোকে পুলিশ।

এসআই মো. কাউছার বলেন, বাসার শোবার ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় নাহিদার নিথর দেহ ঝুলতে দেখা যায়। তার লাশ উদ্ধার করে আইনিপ্রক্রিয়া শেষে করা হয়। দিবাগত রাত পৌনে দুইটার দিকে তার লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। নাহিদা ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। চাঁনখারপুলের ভাড়া বাসাটিতে নাহিদা তার স্বামী ইলিয়াস হোসেনকে নিয়ে থাকতেন। ইলিয়াস পেশায় ব্যবসায়ী। নাহিদের বাড়ি সিরাজগঞ্জ সদরে। তার স্বজনেরা জানান, নাহিদার আগে বিয়ে হয়েছিল। সেই ঘরে তার একটি ছেলেসন্তান আছে। বিচ্ছেদের পর ইলিয়াসের সঙ্গে তার বিয়ে হয়।

খবর পেয়ে গতকাল সকালে নাহিদার ফুফাতো ভাই ফরহাদ রহমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। তিনি বলেন, নাহিদা ও তার স্বামী ইলিয়াসের মধ্যে কলহ চলে আসছিল। নাহিদাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন তার স্বামী। গত বছরের জানুয়ারিতে নাহিদা তার স্বামীর বিরুদ্ধে মামলা করেছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত