
গতকাল শুক্রবার ৬ মার্চ ২০২৬ তারিখ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ৪ মার্চ ২০২৬ তারিখ বুধবার দুপুর ১টায় কোস্ট গার্ড জাহাজ সোনার বাংলা কর্তৃক মোংলা ফেয়ারওয়ে বয় থেকে ২০ নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিম গভীর সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ৩টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়।
এসময় জব্দকৃত বোট তল্লাশি করে প্রায় ৮ লাখ টাকা মূল্যের ৯০০ মিটার ট্রলিং জাল ও আনুমানিক ২ হাজার কেজি সামুদ্রিক মাছসহ ৩৭ জেলেকে আটক করা হয়। পরবর্তীতে, মোংলা উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত আর্টিসানাল ট্রলিং বোট এবং অন্যান্য আলামতসহ আটককৃত জেলেদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে মোংলা থানায় হস্তান্তর করা হয়। তিনি আরও বলেন, মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি