
বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারে (ওটি) চিকিৎসা নিতে আসা এক শিশুকে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে হাসপাতালের এক কর্মচারীর বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অভিযোগের পর কর্মচারী জি এম নাজমুল হাসানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তিনি হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের ওটিতে অফিস সহায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত অফিস সহায়ক জি এম নাজমুল হাসান ওই শিশুকে নির্যাতন করেছেন বলে শিশুটি ও তার অভিভাবক অভিযোগ করেছেন। শিশু নির্যাতন প্রচলিত আইনে শাস্তিযোগ্য অপরাধ। অভিযোগের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নাজমুল হাসানকে গত শনিবার থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রি জেনারেল ডা. একে এম মশিউল মুনীর সই করা পৃথক আরেকটি অফিস আদেশে বলা হয়, বিষয়টি তদন্তের জন্য তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। আরএস ক্যাজুয়ালিটি ডা. মো. মাজাহারুল রেজওয়ান কমিটির সভাপতি, সিনিয়র স্টাফ অফিসার ডা. মো. শাখাওয়াত হোসেন সদস্য এবং মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল) মো. হাসান মেহমুদ সদস্য সচিব।