
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সাংবাদিকদের চলতি মাসের বেতনসহ বোনাস প্রদান এবং সংবাদপত্রে পাঁচদিন ছুটির ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। গতকাল সোমবার বিএফইউজে’র সভাপতি ওবায়দুর রহমান শাহীন ও মহাসচিব কাদের গনি চৌধুরী এবং ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান। বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, ঈদের ছুটি আসন্ন। অনেক প্রতিষ্ঠান এখনও সাংবাদিকদের বেতন ভাতা পরিশোধ করেনি। অনেকে নিয়মকানুনের তোয়াক্কা না করে সাংবাদিকদের নামমাত্র বেতন দিয়ে আসলেও ঈদ উপলক্ষে প্রচলিত আইন অনুযায়ী সেই বেতন ও বোনাস পরিশোধে নানা টালবাহানা করছে। অথচ এসব প্রতিষ্ঠান ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়নের ঘোষণা দিয়ে সরকারের সব সুযোগ সুবিধা ভোগ করে আসছে। বিএফইউজে ও ডিইউজে অবিলম্বে সাংবাদিকদের বেতন-বোনাস পরিশোধের দাবি জানায়। অন্যথায় পরবর্তীতে সরকারি সুযোগ সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে ইউনিয়ন এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য হবে। এদিকে ঈদুল ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারিদের জন্য এরইমধ্যে সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। কিন্তু সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) সাংবাদপত্রে ছুটির বিষয়ে এখনও সুনির্দিষ্ট কোনো ঘোষণা দেয়নি। বিএফইউজে ও ডিইউজে নেতারা সংবাদপত্রে গত বছরের মতো ন্যূনতম পাঁচদিনের ছুটি ঘোষণার দাবি জানান।