
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, দেশের সবস্তরের নারীদের অর্থনৈতিক সচ্ছলতা নিশ্চিত করার যে পরিকল্পনা সরকারের রয়েছে, আজ থেকে পাইলট ভিত্তিতে শুরু হওয়া ফ্যামিলি কার্ড বিতরণের মধ্য দিয়ে সেটির যাত্রা শুরু করেছে।
তিনি বলেন, ‘পরিবারের নারী সদস্যদের হাতে এ কার্ডের মালিকানা দেওয়া হয়েছে, এটি সরকারের নারীদের প্রতি শ্রদ্ধাবোধ ও ভালবাসার একটি নিদর্শন।’ গতকাল দুপুরে রাজধানীর বিজয় সরণিতে অবস্থিত মিলিটারি মিউজিয়ামের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক নারী দিবস, ২০২৬ উপলক্ষে আয়োজিত ‘ফাইটস, জাস্টিস, এ্যাকশন- ফর অল উইমেন অ্যান্ড গার্লস’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, সরকার জনগণকে নিয়ে ভাবে। সরকার মানুষকে নিয়ে, মানবাধিকার নিয়ে এবং নারীদের নিয়ে ভাবে। যে কারণে এই সরকারের ২১ দিন বয়সে প্রথম জাতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আজকে জাতীয়ভাবে ফ্যামিলি কার্ড ইস্যু করার জন্য কর্মসূচি চালু করা হলো। নারীরা এই কার্ডের বহুমুখী সুবিধা পরিবারের জন্য নিয়ে আসতে পারবেন।’
প্রাথমিকভাবে পাইলট প্রজেক্ট হিসেবে ৩৭ হাজারের মতো ফ্যামিলি কার্ড ইস্যু করা হয়েছে, যার মালিকানা পরিবারের গৃহকর্ত্রী বা নারীর হাতে থাকবে জানিয়ে তিনি বলেন, ‘আমরা ফ্যামিলি কার্ডের মধ্য দিয়ে শুরু করে নারীদের অর্থনৈতিকভাবে যদি স্বাবলম্বী করতে পারি, তাহলে তারা কুসংস্কারের অন্ধত্ব থেকে বের হতে পারবে। এতে তারা অধিকার সচেতন হবে এবং সেটার মধ্য দিয়ে আমরা নারীদেরকে কুসংস্কার ও মৌলবাদের লক্ষ্যবস্তু হওয়া থেকে বের করে আনতে সক্ষম হবো এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় সর্বতভাবে ভূমিকা রাখতে পারব।’ আইনমন্ত্রী আরও বলেন, ফ্যামিলি কার্ডকে যদি আপনারা উৎসাহিত করতে পারেন, দেশের ৪ কোটি ১ হাজার দরিদ্র ও হতদরিদ্র পরিবার সহায়তা পাবে এবং এটিই ফ্যমিলি কার্ড পাবার জন্য তাদের গ্রহণযোগ্যতা, সেখানে কোনো রাজনৈতিক বিবেচনা রাখার কোন সুযোগ নাই। তিনি বলেন, আমরা বলেছি, রাজনৈতিক নেতারা এখানে কোন খবরদারি করবে না।