
রাজধানীর মোহাম্মদপুরে মনসুর নামের এক ব্যক্তির বিড়াল হত্যার ঘটনায় করা মামলায় আসামি আকবর হোসেন শিবলুর ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর গতকাল বুধবার দুপুরে এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। এ কারণে তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে, গত ৩ ফেব্রুয়ারি বাদী ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য ১৭ ফেব্রুয়ারি তারিখ নির্ধারণ করেন আদালত। ওই দিন রায় ঘোষণার তারিখ পিছিয়ে আদালত আজকের দিন ধার্য করেন। বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন বলেন, গত ২ ডিসেম্বর এই মামলায় অনুষ্ঠানিকভাবে সাক্ষ্য গ্রহণ শেষ করেন আদালত। এ নিয়ে আদালত মামলাটিতে চারজনের সাক্ষ্য নিয়েছেন। মামলার অভিযোগ অনুযায়ী, গত বছরের ১ ফেব্রুয়ারি দুপুরে মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের নবম তলায় মনসুরের বিড়াল নিখোঁজ হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, আসামি আকবর হোসেন শিবলু বিড়ালটিকে ফুটবলের মতো লাথি মারছেন। আসামির লাথির আঘাতে বিড়ালটির নিথর দেহ পড়ে থাকার পরও পায়ের পাড়া দিয়ে মৃত্যু নিশ্চিত করেন।