
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)-এর আয়োজনে পাঁচ দিনব্যাপী ‘বিসিক জামদানি ও কারুপণ্য মেলা-২০২৬’-এর শুভ উদ্বোধন এবং ‘Enhancing International Competitiveness of GI Jamdani through Branding, Quality Assurance and Digital Marketing’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকাল ১১টায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব রুহুল কবীর রিজভী আহমেদ মেলা ও সেমিনারের উদ্বোধন করেন। বিসিক চেয়ারম্যান মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। শুরুতেই স্বাগত বক্তব্যে বিসিক চেয়ারম্যান উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে বিসিকের বহুমাত্রিক কার্যক্রম ও দেশের শিল্পায়নের গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরেন। তিনি বলেন, দেশের বিভিন্ন বিসিক শিল্পনগরী ও সংশ্লিষ্ট শিল্প খাতে প্রায় ৮.৫ লাখ শ্রমিক কর্মরত রয়েছেন। বিসিক সংশ্লিষ্ট বিভিন্ন শিল্প খাত থেকে প্রতিবছর প্রায় ৩৪ হাজার কোটি টাকা মূল্যের পণ্য বিক্রি হয় এবং বিসিক শিল্পনগরীগুলো থেকে সরকার প্রায় ৪.৫ হাজার কোটি টাকা রাজস্ব অর্জন করে। তিনি আরও বলেন, জিআই পণ্য হিসেবে জামদানি বিসিকের অন্যতম ঐতিহ্যবাহী ও অগ্রাধিকারপ্রাপ্ত খাত। জামদানির আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ডিজাইন উন্নয়ন, ব্র্যান্ডিং, গুণগত মান নিশ্চিতকরণ এবং ডিজিটাল মার্কেটিং সম্প্রসারণে বিসিক কাজ করে যাচ্ছে। পাশাপাশি দক্ষ কারিগর তৈরি এবং তরুণ প্রজন্মকে এই শিল্পে আগ্রহী করে তুলতেও বিসিক ধারাবাহিকভাবে উদ্যোগ গ্রহণ করছে। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি