
জ্বালানি তেল ও বিদ্যুৎ সাশ্রয়ে ৮ মার্চ (রোববার) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনার পর ৯ মার্চ (সোমবার) থেকে ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (ডেসকো) অতিরিক্ত আলোকসজ্জা পরিহার ও বিদ্যুৎ সাশ্রয়ে রাজধানীর ডেসকো আওতাধীন শপিং মল, বিপণিবিতানসহ আবাসিক ও বাণিজ্যিক স্থাপনায় বিশেষ অভিযান শুরু করেছে। গত বৃহস্পতিবার উত্তরা পশ্চিমাঞ্চল জমজম টাওয়ার, রাজলক্ষ্মী, আর এফএল, বেস্ট বাই, এপেক্স, গাউছুল আজম এভিনিউ, সোনারগাঁ জনপদ, শাহমুখদুম এভিনিউ, সেক্টর-১২ খালপার, সেক্টর-১৩, গরিবে নেওয়াজ এভিনিউতে অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন, স্পেশাল মেট্রোপলিটন মেজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) ডেসকো মোঃ হাদিউজ্জামান। অভিযানে তাৎক্ষণিক অতিরিক্ত আলোকসজ্জা শনাক্ত করে তা বন্ধ করে দেয়া হয় এবং পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত অতিরিক্ত আলো ব্যবহার করলে কঠিন শাস্তি ও জরিমানা করার হুঁশিয়ারি দেওয়া হয়। অভিযানকালে মার্কেট এবং দোকান মালিকদের দোকানের অভ্যন্তরে অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার না করার জন্য এবং এসি’র তাপমাত্রা ২৫ ডিগ্রির উপরে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়। শপিং করতে আসা ক্রেতা, পথচারী এবং দোকানের স্টাফদের মাঝে সরকারের নির্দেশনা ও সচেতনতামূলক লিফলেট বিলি করা হয়। অভিযানে ডেসকো’র উত্তরা পশ্চিম বিক্রয় ও বিতরণ কেন্দ্রের উপ-বিভাগীয় প্রকৌশলী মো: সাইফুর রহমান ভূঁইয়াসহ আরও অনেক কর্মকর্তা-কর্মচারী, পুলিশ সদস্য ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি