
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন অঞ্চল-৮ এর ৪৫ নম্বর ওয়ার্ডের উত্তরখান মধ্যপাড়া এলাকায় নবনির্মিত ঈদগাহ্ ও খেলার মাঠ উদ্বোধন করেছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। গতকাল আনুষ্ঠানিকভাবে নবনির্মিত এ ঈদগাহ ও খেলার মাঠ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, ‘এই ঈদগাহটি ঈদের নামাজের পাশাপাশি অত্র অঞ্চলের একটি সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। শিশু, বৃদ্ধ এবং নারীরা এই মাঠ নিরাপদে ব্যবহার করতে পারবে।’
নগরীর পরিচ্ছন্নতা এবং মশক নিয়ন্ত্রণে ডিএনসিসির অভিজ্ঞতা তুলে ধরে প্রশাসক বলেন, ‘শুধু মশার ওষুধ দিয়ে মশা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। আমাদের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে এবং সচেতনতা সৃষ্টি করা না গেলে মশা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না।’ এছাড়াও তিনি তার বক্তব্যে ঈদগাহ মাঠের সঠিক রক্ষণাবেক্ষণ এবং এর সামাজিক উপকারিতা সম্পর্কে আলোকপাত করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এসএম জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রকিবুল হাসান।
আগে কর্পোরেশনের পুরাতন ৩টি অঞ্চলে মাত্র ৩টি ঈদগাহ মাঠ থাকলেও নতুন সংযুক্ত ৫টি অঞ্চলে কোনো ঈদগাহ মাঠ ছিল না।