ঢাকা মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

সাগর-রুনি হত্যার তদন্তে আন্তরিকতার অভাব

অভিযোগ সাংবাদিক নেতাদের
সাগর-রুনি হত্যার তদন্তে আন্তরিকতার অভাব

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার না হওয়ায় তদন্তে আন্তরিকতার অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন সাংবাদিক নেতারা। গতকাল সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে সাগর-রুনি হত্যার বিচার দাবিতে প্রতিবাদ সমাবেশে এ মন্তব্য করেন তারা। সাংবাদিক নেতারা বলেন, এখন পর্যন্ত কোনো সরকারই এ হত্যাকাণ্ডের তদন্ত করতে চাইনি। চাইলে এতদিন সময় লাগার কথা নয়। একে একে তিন সরকার এলো। কিন্তু সাগর-রুনি হত্যার বিচারের কোনো অগ্রগতিই হয়নি। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পিছিয়েছে ১২৫ বার। চাঞ্চল্যকর এমন কোনো হত্যা মামলার তদন্ত প্রতিবেদন এতবার পেছানোর কোনো নজির আছে কিনা জানা নেই। সরকার আন্তরিক থাকলে এমনটি হতো না বলে তাদের বিশ্বাস।

বক্তারা বলেন, নতুন সরকার আসছে। এ হত্যাকাণ্ডের বিচার নিয়ে এ সরকার আন্তরিক থাকবে। তবে এ হত্যাকাণ্ডের বিচার নিয়ে আমরা সরকারের কাছে স্মারকলিপি দেবো। এরপর একটি আন্দোলনে যাবো। এত বছরেও সাগর-রুনি হত্যার বিচারটা না হওয়া শুধু সাংবাদিক অঙ্গনের জন্য লজ্জার নয়, বরং স্বাধীন দেশের মানসম্মানের প্রশ্ন বলেও মনে করেন তারা। তারা আরও জানান, এখন পর্যন্ত চারটি সংস্থাকে এ মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু কেউই প্রতিবেদন জমা দিতে পারেনি। বর্তমানে দায়িত্বে রয়েছে পিবিআই। আসলে আন্তরিকতার ঘাটতি থাকায় আজও এ হত্যাকাণ্ডের বিচার পাওয়া যায়নি। ডিআরইউয়ের সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, মাছরাঙা টেলিভিশনের হেড অব নিউজ হামিদুল হক, ডিআরইউয়ের সিনিয়র সদস্য মশিউর রহমান, সংগঠনের প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক মাহমুদ সোহেল, সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশাহ, দপ্তর সম্পাদক রাশিম মোল্লাসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত