
কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল বুধবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, কক্সবাজারের উখিয়া থানাধীন মেরিন ড্রাইভ সংলগ্ন সফির বিল এলাকায় মাদক পাচারকারীরা মাদক পাচারের উদ্দেশে অবস্থান করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার মধ্যরাত ১টায় কোস্ট গার্ড স্টেশন ইনানী কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পলায়নকালে একজন মাদক পাচারকারীকে আটক করা হয় এবং ঘটনাস্থল হতে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের ৫০ কেজি গাঁজা জব্দ করা হয়। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি