
প্রযুক্তিনির্ভর উদ্ভাবন ও বাস্তব সমস্যার ডিজিটাল সমাধান খুঁজে বের করার লক্ষ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) আইটি সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী আইডিয়া-ভিত্তিক প্রতিযোগিতা ‘ইমপ্যাক্ট চ্যালেঞ্জ’। দেশের ১৯টি বিশ্ববিদ্যালয় থেকে মোট ৫৩টি দল এ প্রতিযোগিতায় অংশ নেয়, যা তরুণ শিক্ষার্থীদের মধ্যে প্রযুক্তি, উদ্ভাবন ও সমস্যা সমাধানমুখী চিন্তার ক্রমবর্ধমান আগ্রহের প্রতিফলন। প্রাথমিক বাছাই শেষে নির্বাচিত সেরা ৫টি দল গত সোমবার রাতে গাকৃবির পুরাতন অডিটোরিয়ামে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তাদের উদ্ভাবনী ধারণা উপস্থাপন করে। এর মধ্যে দুইটি দল ভার্চুয়ালি অংশ নিয়ে সফলভাবে তাদের পিচ সম্পন্ন করে। প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফলে গাকৃবির টিম ‘ভলটিক্স’ চ্যাম্পিয়ন ও ‘ফোকাস ইনোভেটর’ রানার-আপ এবং বাকৃবি ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের যৌথ সমন্বয়ে গঠিত টিম ‘ফিনিক্স’ দ্বিতীয় রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে। অনুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন গাকৃবির পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মো. মসিউল ইসলাম, ড. সাত্ত্বিকেশ পাল এবং বিএম রোকনুজ্জামান লাভা। প্রতিযোগিতার অংশ হিসেবে আয়োজন করা হয় ‘সবার জন্য উদ্ভাবন ও টেকনোলজি’ শীর্ষক একটি প্রাণবন্ত প্যানেল আলোচনা, যেখানে প্রযুক্তির সহজলভ্যতা, সামাজিক প্রয়োগ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন ড. হুমায়ুন কবির, ড. সাত্ত্বিকেশ পাল, বিএম রোকনুজ্জামান লাভা এবং মাহমুদ আল হাসান বিভোর। আলোচনাটি সঞ্চালনা করেন আইটি সোসাইটির সাধারণ সম্পাদক রুদ্রনীল মণ্ডল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি